আকিজ বিড়ি কারখানায় গুলিতে নিহত ২
কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আজ রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরও পাঁচজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।নিহত দুজন হলেন মিন্টু ও রাকিবুল। তাদের বাড়ি দৌলতপুর এলাকায়।ওই কারখানায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে শ্রমিকদের পক্ষে থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, আনসার বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে। তবে এই দুই শ্রমিক কার ছোড়া গুলিতে নিহত হয়েছেন, তা তারা নিশ্চিত নয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো ডটকমকে একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার গুলিতে এই শ্রমিক মারা গেছেন, তা তিনি নিশ্চিত নন।ঘটনা সম্পর্কে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম প্রথম আলো ডটকমকে বলেন, একজন শ্রমিক ঘটনাস্থলে ও আরেকজন শ্রমিক হাসপাতালে মারা গেছেন। কার গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনেছি, আনসাররা ফাঁকা ছুড়েছে। তবে কার গুলিতে তাঁরা মারা গেছেন, তা আমি জানি না।’আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকালে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার কথা ছিল। তবে দুপুর পর্যন্ত এ ঘোষণা না পেয়ে তাঁরা কারখানায় হামলা চালান। এরই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ শুরু হয়। দুই শ্রমিক নিহত হয়েছেন। তবে কাদের গুলিতে তাঁরা নিহত হয়েছেন, তিনি তা জানেন না বলে দাবি করেন।