আকিজ বিড়ির কাছে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে দুটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।আদালত সূত্রে জানা যায়, আকিজ বিড়ির প্যাকেটে ভুয়া ও ব্যবহূত ব্যান্ড রোল বা ট্যাক্স লেবেল লাগিয়ে রাজস্ব ফাঁকি (ট্যাক্স) ও এর মাধ্যমে অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ডেকে আনা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। একই সঙ্গে রংপুরের মিঠাপুকুরে অবস্থিত আকিজের বিড়ি কারখানায় শিশুশ্রমিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।অর্থসচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আকিজ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।১ এপ্রিল একটি ইংরেজি দৈনিকে ‘আকিজ বিড়ি ইভেন্ডিং হিউজ ট্যাক্স, থাউজ্যান্ড চাইল্ড লেবারারস ওয়ার্ক ইন ইটস ফ্যাক্টরি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের চার আইনজীবী গত মঙ্গলবার একটি রিট আবেদন করেন। রিট আবেদনকারী চার আইনজীবী হলেন: জাইদী হাসান খান, জ্যোতির্ময় বড়ুয়া, নওরোজ এমআর চৌধুরী ও নূর উস সাদিক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন: আইনজীবী বি এম ইলিয়াস, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।পরে আইনজীবী বি এম ইলিয়াস প্রথম আলো ডটকমকে বলেন, ভুয়া ও ব্যবহূত ব্যান্ড রোল লেবেল লাগিয়ে কারখানাটি বিপুল পরিমাণ ট্যাক্স ফাঁকি দিচ্ছে ও এক হাজার শিশুশ্রমিকের নিয়োগের বিষয়টিও আইনগতভাবে অবৈধ। এ অভিযোগের তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রিট আবেদনকারী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, ভুয়া ও ব্যবহূত ব্যান্ড রোল এর প্যাকেটে লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। আইন অনুসারে শিশুদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যায় না। এ কারণে জনস্বার্থে রিটটি আবেদন করা হয়।