আক্কেলপুর থিয়েটারের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর থিয়েটার ২৫ বছরে পা রাখল। ১৯৮৫ সালে এই সাংস্কৃতিক সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই সংগঠনটি এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে। সংগঠনের সদস্যদের রচিত নাটকের সংখ্যা ১৪৫টি। এ পর্যন্ত শতাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। আগামী ৯ এপ্রিল সংগঠনটি ২৫ বছরে পদার্পণ করছে।২৫ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনটি পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব পালন করবে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সভাপতি নাট্যাভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন।নাট্যোৎসবের প্রথম দিন (৯ এপ্রিল) বাসন, দ্বিতীয় দিন কৈবর্ত বিদ্রোহ, তৃতীয় দিন মেরাজ ফকিরের মা, চতুর্থ দিন সেতারা বানুর কিচ্ছা এবং পঞ্চম দিনে ভূতের ভয়ে নাটক মঞ্চস্থ হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।জানা গেছে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ১৯৮৫ সালে ‘অনুশীলন চক্র’ নামের সংগঠনটি যাত্রা শুরু করে। এম জি মোস্তফা এর প্রতিষ্ঠাতা সভাপতি। সে সময় সংগঠনটির কোনো কার্যালয় ছিল না। প্রতিদিন বিকেলে স্থানীয় মুজিবর রহমান ডিগ্রি কলেজের মাঠে সদস্যরা বসে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতেন। কিছুদিন পর সংগঠনটির নাম পাল্টিয়ে আক্কেলপুর থিয়েটার রাখা হয়। কলেজ বাজারের তুলসীগঙ্গা নদীর পাশে সংগঠনটি স্থায়ী ঠিকানা খুঁজে পায়। সেখানে এম জি মোস্তফা ও ডি এম গাফ্ফার সদস্যদের অভিনয়ের প্রশিক্ষণ দেন। এখন সংগঠনটির সদস্য সংখ্যা অর্ধশতাধিক।থিয়েটারের সভাপতি ডি এম গাফ্ফার বলেন, ‘এলাকার যুবসমাজ যখন মাদকের দিকে ধাবিত হচ্ছিল, ঠিক সেই সময়ে আমরা সংগঠনটি গঠন করেছিলাম। অনেকেই প্রথমদিকে সংগঠনটিকে ভালোভাবে নেননি। যাঁরা এ সংগঠনের সমালোচক ছিলেন, পরবর্তী সময়ে তাঁরাই সদস্য হয়েছেন।’আক্কেলপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান বলেন, ‘এলাকার সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির ব্যাপক অবদান রয়েছে। সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে নাটক মঞ্চস্থ করে প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে এলাকাও পরিচিতি পেয়েছে। আমরা চাই, সংগঠনটি হাজার বছর ধরে টিকে থাকুক।’