আক্কেলপুরে দুই ডাকাতের ফাঁস লাগানো ও গলাকাটা লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ও বামনী হাট গ্রামের ধানখেতে গতকাল শুক্রবার সকালে দুটি লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি করা মালামালের ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার লয়াপাড়া গ্রামের বছির উদ্দিন সরদারের ছেলে কফিল উদ্দিন (৪২) এবং একই উপজেলার আলী মাহমুদপুর গ্রামের জামালউদ্দিনের ছেলে রেজু মিয়া (২৫)। তিনজনকে আসামি করে গতকাল আক্কেলপুর থানায় একটি মামলা করেছেন কফিল উদ্দিনের স্ত্রী আছুরা বেগম। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোলপূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা চলছে। মেলায় যাত্রা ও সার্কাস দেখে লোকজন বৃহস্পতিবার ভোররাতে বাড়ি ফিরছিল। এ সময় তারা মেলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। এর কিছু দূরে বামনী হাট গ্রামের মধ্যে ধানখেতে মধ্যবয়সী আরেকজনের গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পায় লোকজন। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা উপলক্ষে সেখানে বসানো অস্থায়ী পুলিশ ক্যাম্পে বিষয়টি জানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহত কফিলের স্ত্রী ও স্বজনেরা ধানখেত থেকে লাশ তুলে আনেন। লাশটি যেখানে পাওয়া গেছে, সেটি কোন থানা এলাকার আওতায়, তা নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয় আক্কেলপুর, ক্ষেতলাল ও দুপচাঁচিয়া থানার পুলিশের মধ্যে। তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাশরুকুর রহমান ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। তখন সিদ্ধান্ত হয়, লাশ উদ্ধারের স্থানটি আক্কেলপুর থানার মধ্যে পড়ে। পরে ওই থানার পুলিশ লাশ নিয়ে যায়। কফিলের স্ত্রী আছুরা বেগম সাংবাদিকদের জানান, দু-তিন দিন আগে এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাই হয়। মোটরসাইকেলটি বের করে দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে তাঁদের বাড়িতে তিনজন লোক এসে তাঁর স্বামীর কথা বলে। ওই দিন সন্ধ্যায় মাটিহাঁস গ্রামের যুবক শহিদুল ইসলাম এসে কফিলকে ডেকে নিয়ে যান। রাত ১১টার দিকে মুঠোফোনে কফিল তাঁকে জানান, ‘অবস্থা খুব ভালো নয়। বাড়ি ফিরতে পারব কি না, জানি না।’ এরপর সকালে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত রেজুর মা রেজিয়া খাতুন জানান, তাঁর ছেলে বাড়িতে থাকতেন না। ছয়-সাত দিন আগে একবার বাড়িতে এসেছিলেন। গতকাল সকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাশ চিনতে পারেন।গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম জানান, নিহত কফিল ও রেজু এলাকার চিহ্নিত অপরাধী। তাঁরা ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।আক্কেলপুর থানার ওসি খলিলুর রহমান জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুটি খুনের ঘটনায় কফিল উদ্দিনের স্ত্রী আছুরা বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন।ওসি আরও জানান, ডাকাতি করে আনা মালামালের ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত দুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।