আক্কেলপুরে পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পোস্টমাস্টার আরাফাতুন নাহারের বিরুদ্ধে গ্রাহক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। গ্রাহকেরা তাঁর কাছে অফিশিয়াল কিছু জানতে গেলেই ধমক দিয়ে তাঁদের চেম্বার থেকে তাড়িয়ে দেন। এ ছাড়া স্টাফদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। পোস্টমাস্টারের দুর্ব্যবহারের কারণে অনেক গ্রাহকই পোস্ট অফিসে লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।অভিযোগ ও পোস্ট অফিস সূত্রে জানা গেছে, আরাফাতুন নাহার দুই মাস আগে আক্কেলপুর উপজেলা পোস্টমাস্টার হিসেবে যোগদান করেন। এরপর থেকেই গ্রাহক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তিনি। গ্রাহকেরা অফিশিয়াল ব্যাপারে তাঁর কাছে কিছু জানতে গেলেই তাঁকে ধমক দিয়ে চেম্বার থেকে যেতে বলেন।ডাক জীবনবীমা গ্রাহক স্থানীয় বাসিন্দা হিরো কবিরাজ জানান, তিনি ৮ আগস্ট ডাকবীমার টাকা জমা দিতে পোস্ট অফিসে যান। কাউন্টারে টাকা জমা দেওয়ার পর পোস্টমাস্টারের কাছে পরামর্শ করতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। একপর্যায়ে পোস্টমাস্টার তাঁকে পোস্ট অফিসে আসতে নিষেধ করেন। তাঁর দুর্ব্যবহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর কথা বললে তিনি আমাকে বলেন, ‘আমি কচুর পাতার শিশির নই যে নাড়া দিলেই পড়ে যাব। আমার বিরুদ্ধে স্বয়ং ডাকমন্ত্রীর কাছে অভিযোগ দিলেও আমার কিছুই হবে না। কারণ আমার গোড়া মজবুত।’একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক চঞ্চল হোসেন জানান, গ্রাহকেরা পোস্টমাস্টারের চেম্বারে গেলেই ক্ষিপ্ত হন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, ‘পোস্টমাস্টারের দুর্ব্যবহারের কারণে পোস্ট অফিসে যাতায়াত বন্ধ করে দিয়েছি। পোস্ট অফিসের পরিবর্তে কুরিয়ার সার্ভিসে অফিসের চিঠিপত্র পাঠাচ্ছি।’থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, পোস্টমাস্টারের ব্যবহারে গ্রাহকেরা সন্তুষ্ট নন। গ্রাহকদের সঙ্গে তিনি ঝগড়ায় লিপ্ত হন।নাম প্রকাশে অনিচ্ছুক পোস্ট অফিসের স্টাফরা জানান, পোস্টমাস্টার হিসেবে যোগদান করার পর থেকেই স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন তিনি। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।আক্কেলপুর উপজেলা পোস্টমাস্টার আরাফাতুন নাহার গ্রাহক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করার কথা অস্বীকার করে বলেন, ‘আমি চাকরিতে নতুন যোগদান করেছি। অনেক সময় গ্রাহকদের সঙ্গে আমার একটু কথাকাটাকাটি হচ্ছে। তবে কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি।’