আক্কেলপুরে হাত বাড়ালেই মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে শতাধিক স্থানে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এ ছাড়া উপজেলা সদরের ১০টি স্থানে মদ, গাঁজা ও ফেনসিডিল পাইকারি বেচাকেনা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার কারণে মাদক ব্যবসা বেড়ে গেছে।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু বলেন, ‘মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় মদ, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন বিক্রি বন্ধ করার জন্য থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব বন্ধে পুলিশ প্রশাসন তেমন ভূমিকা রাখতে পারছে না।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। আমি এখানে যোগদান করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান দেখিনি।’জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল বলেন, ‘থানায় পুলিশের সদস্যসংখ্যা ২৫ থেকে ৩০ জন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তাঁরা মাত্র তিনজন কাজ করছেন। এত কমসংখ্যক জনবল নিয়ে জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালানো সম্ভব নয়।’অভিযোগ রয়েছে, নেশাদ্রব্যের মধ্যে হেরোইন, ফেনসিডিল, রেকটিফায়েড স্পিরিট ও নেশার ইনজেকশনের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। হিলি ও ধামুরহাট সীমান্ত দিয়ে এসব মাদকদ্রব্য আসছে। হিলি থেকে ট্রেনযোগে মাদকদ্রব্য আক্কেলপুরে আনা হয়। থানার পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে কিছু মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীদের আটক করে। তবে রাঘববোয়াল ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থাকেন।গত ১০ এপ্রিল ছয় বোতল ফেনসিডিলসহ স্বাধীন (৩২) নামে এক মাদক ব্যবসয়ীকে এবং ১৩ এপ্রিল ৩০ লিটার চোলাই মদসহ শেখ কাঞ্চন (৪৭) নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে।খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের হাস্তাবসন্তপুর, পালপাড়া, চৌধুরীপাড়া, জিয়ানীপাড়া, পশ্চিম আমুট্ট, পূর্ব আমুট্ট, কাজীপাড়া, মালগুদাম, কলেজপাড়া, কেশবপুরে গাঁজা ও ফেনসিডিল পাইকারি বিক্রি হচ্ছে। এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের শতাধিক স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে। বাড়িতে ও দোকানে মাদক বেচাকেনা হয়।গত ২২ এপ্রিল উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের ওয়াক্তিয়া ঈমাম হাফেজ রমজান আলী (৩০) নেশার ইনজেকশনের ব্রিফকেসসহ ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হন। হাফেজ রমজান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন, পৌর সদরের আমুট্ট গ্রামের মাসুদ তাঁর হাতে ব্রিফকেসটি দিয়ে তাঁকে ঢাকায় পৌঁছে দিতে বলেছিলেন।হরিপুর গ্রামের ইব্রাহিম আলী বলেন, প্রশাসনের তৎপরতা না থাকায় মাদকের ব্যবসা বেড়েছে। ওই সব মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা রয়েছে। তারা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয়।পৌর সদরের বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, আগে পুলিশকে মাঝেমধ্যেই মাদকবিরোধী অভিযান চালাতে দেখা গেছে। এখন আর পুলিশের অভিযান চোখে পড়ে না।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ কোনো টাকা-পয়সা নেয় না। কোনো মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশেরও সখ্য নেই। আমি থানায় যোগদান করার পর মাদকসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি।’