আক্কেলপুরে ‘মুখোশ’ পরা বাহিনীর চাঁদাবাজি!
জয়পুরহাটের আক্কেলপুরে ‘মুখোশ’ পরা বাহিনীর চাঁদাবাজি ঠেকাতে আওয়ালগাড়ী গ্রামবাসী পালা করে রাতে পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ১১ এপ্রিল গ্রামের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ প্রশাসন এ সভার আয়েজন করে। সভায় সেচযন্ত্রের মালিক, কর্মচারী, গ্রামবাসী, জনপ্রতিনিধি, থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ১২ এপ্রিল থেকে গ্রামবাসী মাঠ পাহারা দিচ্ছেন। রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মর্তুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান, গভীর নলকূপের মালিক মতিউর রহমান, ফজলার রহমান, বাবু, সাইদুর রহমান ও কৃষক মহাজের। সভায় সেচযন্ত্র মালিকেরা অভিযোগ করেন, একযুগের বেশি সময় ধরে তাঁরা মাঠে সেচ কাজ করছেন। কখনোই তাঁদের চাঁদা দিতে হয়নি। কিন্তু চলতি বোরো মৌসুম শুরু থেকে ১০-১২ জনের মুখোশ পরা বাহিনী গভীর রাতে সেচ ঘরে এসে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে ওই বাহিনীর সদস্যরা নলকূপের কর্মচারীদের মারপিট করছে। এভাবে সেচকাজ পরিচলনা করা সম্ভব নয়। সভায় গভীর নলকূপের মালিক মতিউর রহমান বলেন, ‘আমি দীর্ঘ ১২ বছর ধরে সু-সৃষ্টি মাঠে সেচকাজ করছি। এত দিন ভালোই ছিলাম। কাউকে একটি টাকাও চাঁদা দিতে হয়নি। এ বছর বোরো মৌসুমের শুরু থেকে মুখোশ পরা বাহিনী গভীর রাতে সেচঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে আমার কর্মচারীকে বলে ১০ হাজার টাকা রাখবি। আমরা যেকোনো দিন এসে নিয়ে যাব। হইচই করলে সেচযন্ত্র লুট করব। আর পরিবার তোর লাশের খোঁজও পাবে না। কিছুদিন পর তারা সেচঘরে এসে ওই ১০ হাজার টাকা চায়। টাকা না পেয়ে তারা সেচ কর্মচারীকে মারপিট করে।’ অগভীর নলকূপের মালিক বাবু বলেন, ‘এদের প্রতিহত করা কঠিন। মাঠে আমরা সাপ-বিচ্ছুর সঙ্গে যুদ্ধ করে সেচকাজ করি। এসব দেখে আমরা ভয় পাই না। কিন্তু গভীর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন এলে ভয় পাই।’ সাইদুর রহমান বলেন, সন্ধ্যায় পুলিশ মাঠে টহল দিয়ে এক রাস্তা দিয়ে চলে যায়। ওরা আসে অন্য রাস্তা দিয়ে। এভাবে তো আর চলা য়ায় না। সেচ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত রাতে মাঠে পুলিশ মোতায়েনের দাবি জানান তিনি। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী বলেন, গোপীনাথপুর ইউনিয়নটি ক্রাইম জোন। এলাকার কোথাও গরু চুরি, অপহরণ হলে গোপীনাথপুরে তা পাওয়া যায়। এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা গরু চুরির বখরা পায়। গোপীনাথপুর ইউনিয়ন নিয়ন্ত্রণ হলে চাঁদাবাজি থাকবে না।উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন বলেন, প্রতি রাতে পালা করে পাহারার ব্যবস্থা করা হলে এ সমস্যা থাকবে না। ২২ জন পুলিশ সদস্য দিয়ে গোটা উপজেলার নিয়ন্ত্রণ সম্ভব নয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সেচযন্ত্রে চাঁদাবাজি ঠেকাতে গ্রামের লোকজন রাতে পাহারা দিচ্ছে। প্রতি রাতে পুলিশও মাঠগুলো টহল দিচ্ছে। কিন্তু মুখোশ পরা বাহিনীর সদস্যদের এখনো চিহ্নিত করা যায়নি বলে তিনি জানান।