আক্কেলপুরের উন্নয়ন কার্যক্রম ৬ সপ্তাহ চলতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ জয়পুরহাট জেলার আক্কেলপুরে স্থানীয় উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম প্রথম আলোকে বলেন, আক্কেলপুরের স্থানীয় উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উন্নয়নে ছয় সপ্তাহ বাধা থাকল না।১৬ আগস্ট নির্বাচনী এলাকার উন্নয়নে প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে সরকারি বরাদ্দের সিদ্ধান্তকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে আদালত আক্কেলপুর উপজেলার উন্নয়নের জন্য একনেকে বরাদ্দ দেওয়া ১৫ কোটি টাকা ব্যয়ের ওপর স্থগিতাদেশ দেন।আজকের এই আদেশের ফলে আক্কেলপুরের উন্নয়নকাজ চালাতে কোনো বাধা থাকল না। তবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে হবে।প্রসঙ্গত, গত ১০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উন্নয়ন কাজের জন্য প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক ৮ আগস্ট হাইকোর্টে রিট করেন। রিটটিতে বলা হয়, সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় উন্নয়নের বিষয়টি তদারক করবেন স্থানীয় প্রতিনিধিরা। সংশোধিত উপজেলা পরিষদ আইন-২০০৯-এর ৪২(৩) ধারায়ও এ বিষয়টি বলা আছে। কিন্তু একনেকের ওই সিদ্ধান্তে এর ব্যত্যয় ঘটেছে।