আক্কেলপুরের সন্ত্রাসী বাটকু রানা গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রানা ওরফে বাটকু রানাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। চাঁদার টাকা কম দেওয়ায় হাতুড়ি দিয়ে ব্যবসায়ীর পা ভেঙে দেওয়ার ঘটনার প্রধান আসামি তিনি। গতকাল মঙ্গলবার রাতে আক্কেলপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রানা ওরফে বাটকু রানা পুলিশের তালিকাভুক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। চাঁদার টাকা কম দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তিনি আত্মগোপন করেন। গতকাল গভীর রাতে পাঁচবিবি উপজেলার নানাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ৪ জুলাই দুপুরে বাটকু রানা ও তার সহযোগী উত্পল পৌর সদরের পুরোনো বাজারে সরদার ওয়েল্ডিং কারখানায় গিয়ে মালিক লিটন মিয়ার কাছে আড়াই হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা কম দেওয়ায় তাঁরা লিটন মিয়াকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন।এ ঘটনা নিয়ে প্রথম আলোয় সংবাদ ও কার্টুন প্রকাশিত হলে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। ঘটনার ১০ দিন পর গত ১৪ জুলাই আহত ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে সন্ত্রাসী বাটকু রানা ও উত্পলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।