আক্তার ইমামের শীতের কাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্তার ইমাম রিকশাভ্যানে করে শীতের কাপড় বিক্রি করেন কাকরাইলের মোড়, শান্তিনগর, পুরানা পল্টন এলাকায়। এ ছাড়া কাজ করেন মগবাজারের একটি তৈরি পোশাক কারখানায়। সেখানে কাজ থাকলে পয়সা দেয়। এখন সেখানে তেমন কোনো কাজ নেই। তাই রিকশাভ্যান ভাড়া নিয়ে শীতের কাপড় বিক্রি করছেন। এখন তাঁর অবস্থান পল্টন মোড়ে। মাসখানেক আগেও শান্তিনগর মোড়ের ফুটপাতে তিনি পসরা নিয়ে বসতেন। সেখানে স্কুলে আসা অভিভাবকেরা শীতের কাপড় কিনতেন। তখন তাঁর প্রতিদিন দুই-তিন শ টাকা আয় হতো। এখন স্কুল বন্ধ।আক্তার ইমাম জানান, মগবাজারের পেয়ারাবাগে অনেক তৈরি পোশাক কারখানা আছে। সেখানকার পোশাক ইউরোপের দেশগুলোয় রপ্তানি হয়। রপ্তানির পোশাকে নিখুঁত সেলাই লাগে। যেসব পোশাকে ত্রুটি আছে, সেগুলো বিক্রি করা হয় স্থানীয় বাজারে। ত্রুটিযুক্ত পোশাক বস্তা হিসেবে অথবা পিস হিসেবে কেনেন তিনি।আক্তার ইমাম আরও বলেন, ‘সুতা ভালো আর ১ নম্বর কাপড়। শুধু সামান্য সেলাইয়ের খুঁত। ফুলহাতা গেঞ্জি ৫০ টাকায় বিক্রি করি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এই কাপড়গুলা তিন-চার শ টাকায় বিক্রি করে প্যাক কইরা। বাচ্চাগো ক্যাপসহ জ্যাকেট ২৫-৩০ টাকায় বিক্রি করি। মৌচাক মার্কেটে এইগুলা আবার দুই-আড়াই শ টাকায় বিক্রি হয়।’তৈরি পোশাক কারখানায় কাজের ফরমায়েশ পেলেই আক্তার ইমাম সেখানে চলে যাবেন। তিনি জানান, এখন প্রতিদিন সকাল আটটার মধ্যেই কাপড় নিয়ে বেরিয়ে পড়েন। রিকশাভ্যান ভাড়া দিতে হয় প্রতিদিন শ-দেড়েক টাকা। তাঁর পুঁজি ১০ হাজার টাকার মতো। তাঁকে পুঁজি দিয়েছেন লাইলি নামের এক মহিলা। আক্তার তাঁকে ‘লাইলি আপা’ বলে ডাকেন। তিনি উত্তরা ব্যাংকে চাকরি করেন। আক্তার আগে রিকশা চালাতেন। তখন লাইলির সঙ্গে তাঁর পরিচয়। তাঁর দুই মেয়েকে রিকশায় করে আক্তার স্কুলে আনা-নেওয়া করতেন।আক্তার রামপুরার একটি মেসে থাকেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। মা মারা গেছেন তিন বছর আগে। বড় বোন দুই মেয়ে নিয়ে আক্তারের গ্রামের বাড়িতে থাকেন। গ্রামের বাড়িতে প্রতি মাসে হাজার তিনেক টাকা পাঠাতে হয়।পারুল নামের একটি মেয়ের সঙ্গে আক্তার ইমামের সম্পর্ক আছে। আক্তার জানান, পারুল একটি গার্মেন্টসের সুপারভাইজার। রামপুরায় এক মেসে থাকেন। তিনি এইচএসসি পাস। পারুল তাঁর বাড়িতে মা-বাবাকে টাকা দেন।আক্তারের বাবা চান, তাঁর বউ গ্রামে থাকবে। আক্তার বললেন, ‘বাপের লেইগা বিয়াডা করা দরকার। বাড়িতে মা নাই। বাপরে কে দেখব। কিন্তু পারুল তো আমার গ্রামে গিয়া থাকতে পারব না। তাঁর টাকায় তাগো সংসার চলে। পারুল গ্রামে গেলে তার বাপ-মা, ছোট ছোট ভাইবোনরে না খাইয়া থাকতে হইব। তাই বিয়াডা আইটকা আছে।’