ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগে মামলা হয়েছিল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নতুন সভাপতি ২০০১ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রদলের মিছিলে হামলা করেছিলেন। এই কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রদলের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতির ওপর হামলার অভিযোগ আছে।গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই কমিটিরই পাঁচজন করে নেতার নাম ঘোষণা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চার নেতাই অছাত্র, বিবাহিত ও চল্লিশোর্ধ্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির পাঁচজনের মধ্যে তিনজন অছাত্র। বাকি দুজন সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি হয়েছেন। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন আবদুল কাদের ভূঁইয়া ওরফে জুয়েল। ৪৪ বছর বয়সী এই নেতা ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রত্ব শেষ হয়েছে দুই দশক আগে। তাঁর বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে হামলার অভিযোগ আছে। ওই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মামলায়ও তিনি আসামি ছিলেন। মাস দুয়েক আগে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনার পরদিন মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেছিলেন, ‘আওয়ামী লীগ বহিরাগতদের দিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকিয়ে সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করছে। আবদুল কাদের ভূঁইয়ার সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই।’ গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সভাপতি আবদুল কাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে এরাই এখন রাজপথে থাকবে। তিনি নতুন কমিটির সাফল্যও কামনা করেন। নতুন কমিটিতে স্থান পাওয়া ও না-পাওয়া একাধিক নেতা-কর্মী বলেছেন, যে লোক নিজের স্বার্থে বিএনপির কার্যালয়ে হামলা করতে পারেন, তাঁকে ছাত্রদলের সভাপতি করা হয়েছে। এতে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে কর্মীরা শঙ্কিত। আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘দেশনেত্রী (খালেদা জিয়া) যা ভালো বুঝেছেন, তা-ই করেছেন।’ অছাত্রদের নিয়ে কমিটি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষতা, অভিজ্ঞতা—এসবকে তিনি (খালেদা জিয়া) অনেক গুরুত্ব দিয়েছেন।’ নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে কিছু কর্মীর শঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে আমরা এই সংগঠন এগিয়ে নিয়ে যাব।’ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ রাজধানীর আবুজর গিফারী কলেজের ছাত্র ছিলেন। তাঁর বয়সও ৪০ পেরিয়েছে। তাঁর দুই সন্তান মাধ্যমিক পর্যায়ে পড়ে। দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন।নতুন কমিটির সহসভাপতি বজলুল করিম চৌধুরী ওরফে আবেদের বয়সও ৪০ পেরিয়েছে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক ওরফে নাসির ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর ছাত্রত্ব শেষ হয়েছে অর্ধযুগ আগে। তিনিও বিবাহিত। ছাত্রদল সূত্র জানায়, নাসিরের বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ছাত্রদলের কমিটি গঠনের নামে অর্থ সংগ্রহের অভিযোগ আছে। তবে এ অভিযোগ অস্বীকার করে নাসির বলেন, ‘যেসব অভিযোগ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমি নেতা হওয়ার পর অনেকেই ষড়যন্ত্র করে এসব প্রচারণা চালাচ্ছেন।’সাংগঠনিক সম্পাদক রাজীব আহসানই কেন্দ্রীয় কমিটির একমাত্র নেতা, যাঁর বয়স চল্লিশের নিচে, ৩৪ বছর। তিনি ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন। তাঁরও ছাত্রত্ব নেই। ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যদের নাম এখনো ঘোষণা করা হয়নি। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি করবেন। তবে সংগঠনের খসড়া গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ১০১ হবে বলে উল্লেখ আছে। এই কমিটি গঠন নিয়ে ঈদের আগে খালেদা জিয়া ছাত্রদলের শতাধিক নেতার সঙ্গে চার দিন বৈঠক করেন। তিনি সে সময় বলেছিলেন, অতীতে কমিটি গঠনে তারেক রহমান মূল ভূমিকা রাখলেও এবার তিনি নিজেই কমিটি গঠন করবেন। কমিটি গঠনে কোনো সিন্ডিকেট থাকবে না উল্লেখ করে খালেদা জিয়া বলেছিলেন, কোনো ভাইয়ের কাছে ছুটে লাভ নেই। ছাত্রদলের নেতারা বলছেন, খালেদা জিয়ার ওই বক্তব্যে তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁদের অভিযোগ, ছাত্রদলে তারেক রহমানের প্রভাব দূর করতে বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা ও স্থায়ী কমিটির একজন সদস্যের পছন্দে এই কমিটি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি: ২০০১ সালের ২ ফেব্রুয়ারি সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রতিবাদে একটি মিছিল বের করে ছাত্রদল। ওই মিছিলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন তখনকার ছাত্রলীগের নেতা মহিদুল হাসান ওরফে হীরু। গতকাল মহিদুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি করা হয়েছে। আর আক্রমণের শিকার ছাত্রদলের ওই মিছিলে থাকা একজন মহিদুলের কমিটিতে পদ পেয়েছেন। ছাত্রদল সূত্রে জানা গেছে, মহিদুল হাসান ১৯৯৭-৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ছাত্রলীগের মুহসীন হলের তখনকার সভাপতি শফিকুল ইসলামের গ্রুপের কর্মী ছিলেন। ২০০০ সালের ২৬ জুন শিক্ষা ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে গুলি চালালে শফিকুলসহ ছাত্রলীগের চার ক্যাডার গণপিটুনির শিকার হন। তখন পালিয়ে রক্ষা পান মহিদুল।তবে মহিদুল হাসান এসব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন। ছাত্রদলের মিছিলে তাঁর হামলার ছবি তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে—এ তথ্য মনে করিয়ে দিলে মহিদুল বলেন, ‘ডিজিটাল এই যুগে কতভাবেই তো ছবি বানানো যায়। এটাও সেভাবে বানানো হয়েছে। এসব বিশ্বাস করবেন না।’ বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজও একই বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিনের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ আছে। মাসুদ সে সময় ছাত্রদলের বিদ্রোহী কমিটিতে ছিলেন। ওই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল বিতাড়িত হয়। জ্যেষ্ঠ সহসভাপতি সাদীউল কবির ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিনেরও ছাত্রত্ব নেই। আর সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজনীতি করার অভিযোগ আছে। তবে মিনহাজ দাবি করেছেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সংগঠনের একটি পক্ষ এই প্রচারণা চালাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছাড়াও গতকাল ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি করা হয়েছে। তবে এসব কমিটিও পূর্ণাঙ্গ নয়। ফয়সল আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি। আর ওমর ফারুক সাধারণ সম্পাদক হয়েছেন। আবুল মনসুর খান ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং হুমায়ুন কবির সাধারণ সম্পাদক হয়েছেন। মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক। ছাত্রদলের এই কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, যোগ্যতা-দক্ষতা দেখেই কমিটি করা হয়েছে। তাঁরা তো কেউ ছাত্র নন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাচুরিটি (পরিপক্বতা) দেখেই কমিটি দেওয়া হয়েছে।’ কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলার বিষয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ওই ঘটনার তদন্ত হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির বিরুদ্ধে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সে রকম নয়। আসলে ছাত্রলীগ সে সময় ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল। তাঁকেও (মহিদুল) বের করে দিয়েছিল। নতুন কমিটির ভবিষ্যৎ সম্পর্কে বিএনপির এই ছাত্রবিষয়ক সম্পাদক বলেন, ‘আমরা তো মনে করি, কমিটি ভালো হয়েছে।’