ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পার হওয়ার সময় কোনো অবস্থাতেই লোকজনের ওপর গুলি না ছুড়তে বিএসএফকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কথা জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আরও বলেছেন, অপরাধীদের দ্বারা আক্রান্ত না হলে বিএসএফের সদস্যরা গুলি ছুড়বেন না।সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধে তাঁর দেশের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে গতকাল শনিবার ঢাকায় যৌথ সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। সচিবালয়ে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, সীমান্তে যাতে কাউকে গুলি করে হত্যা করা না হয়, সে ব্যাপারে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ভারত।দুই মন্ত্রীই এ সময় আশাবাদ ব্যক্ত করেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হবে।দুই নিকট প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার আগে দেড় ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের নেতৃত্ব দেন সাহারা খাতুন। আর ভারতের ১২ সদস্যের নেতৃত্ব দেন পি চিদাম্বরম। আলোচনার পর বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক আনোয়ার হোসেন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় সই করেন। দুই পক্ষই আশাবাদ জানিয়ে বলেছে, এই পরিকল্পনা সইয়ের ফলে সন্ত্রাস ও অপরাধমূলক তৎপরতা বন্ধের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার প্রমুখ।ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিং প্রমুখ।সীমান্ত হত্যা নিয়ে দুই মন্ত্রী: সাহারা খাতুন তাঁর লিখিত বক্তৃতায় বলেন, সীমান্তে যাতে কাউকে গুলি করে হত্যা করা না হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব পোষণ করেছে এবং ভবিষ্যতে যাতে গুলিবর্ষণের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।এ প্রসঙ্গে লিখিত বক্তৃতায় কোনো মন্তব্য করেননি পি চিদাম্বরম। তবে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধে ভারত কী উদ্যোগ নিচ্ছে, জানতে চাইলে সংবাদ সম্মেলনে পি চিদাম্বরম বলেন, ‘বাংলাদেশ কিংবা ভারত থেকে সীমান্ত পেরোনোর সময় কোনো অবস্থাতেই যাতে লোকজনের ওপর গুলি ছোড়া না হয়, সে ব্যাপারে বিএসএফকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই বার্তা বিএসএফের জওয়ানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ কারণেই সম্প্রতি সীমান্তে প্রাণহানির ঘটনা কমেছে। চলতি বছর এ পর্যন্ত মাত্র সাতজন প্রাণ হারিয়েছে। অথচ গত বছর ৩৩ জন প্রাণ হারিয়েছিল।’পি চিদাম্বরম বলেন, ‘বিএসএফের সদস্যরা দায়িত্ব পালনের সময় একদল অপরাধীর আক্রমণের শিকার হলে গুলি ছোড়াটা যৌক্তিক হতে পারে। তখন আত্মরক্ষার্থে বিএসএফের সদস্যরা গুলি ছুড়তে পারেন।’সম্পূরক প্রশ্নে তাঁর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি লালমনিরহাট সীমান্তে বিএসএফ পাথর ছুড়ে এক বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ ভাসিয়ে দিয়েছে। এই হত্যার বিষয়টি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। চিদাম্বরম বলেন, ‘আমি সরাসরি এটা (অভিযোগ) অস্বীকার করছি। ভারতীয় ভূখণ্ডে এ ধরনের কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে আসলেই কী ঘটেছে, তা তদন্ত করে দেখতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।’লালমনিরহাটের হত্যার ব্যাপারে ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চাইলে সাহারা খাতুন বলেন, ‘সীমান্তে প্রাণহানির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই আমরা প্রতিবাদ জানাই। এ ব্যাপারেও আমরা প্রতিবাদ জানিয়েছি। আর হত্যা বন্ধের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এরপর আমার আর বলার কিছু নেই।’অমীমাংসিত সমস্যা সমাধানের আশাবাদ: দুই মন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেন যে শিগগিরই ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।এ প্রসঙ্গে চিদাম্বরম বলেন, ‘ছিটমহলে জনগণনার কাজটি শেষ হয়েছে। অপদখলীয় জমি হস্তান্তরের ক্ষেত্রে দু-একটি ঘটনা ছাড়া বিষয়টি মীমাংসার পথে। আর সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করার ব্যাপারেও সমাধান আছে। কাজেই সব বিষয়েই আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ছিটমহলের জনগণনার বিষয়ে চিদাম্বরম সাংবাদিকদের জানান, ছিটমহলে ৫১ হাজার লোক বাস করছে। এদের মধ্যে ৩৪ হাজার ভারতীয় এবং ১৭ হাজার বাংলাদেশি।ছিটমহলবাসী নিজেরাই কি ঠিক করবেন কোন দেশে থাকবেন, নাকি অন্য কোনো উপায়ে বিষয়টির সুরাহা হবে, জানতে চাইলে চিদাম্বরম বলেন, দুই প্রধানমন্ত্রীর আসন্ন বৈঠকেই ছিটমহলবাসীর ভাগ্য নির্ধারিত হবে।চুয়াত্তরের চুক্তির অনুসমর্থন: বাংলাদেশ ১৯৭৪ সালেই অনুসমর্থন করলেও দীর্ঘ চার দশক ধরেই ইন্দিরা-মুজিব চুক্তি অনুসমর্থন করেনি ভারত। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে চিদাম্বরম বলেন, চুক্তিটি অনুসমর্থনের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার বিষয়টি জড়িত। খুব শিগগির এসব বিষয়ের সমাধান হবে। আর সীমান্ত ব্যবস্থাপনা এসব বিষয়ের সুরাহা হলে চুক্তিও অনুসমর্থন হবে। বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়া: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত খুনি ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মোসলেহউদ্দিন ভারতে আছে কি না, তা খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছি।’এ নিয়ে জানতে চাইলে চিদাম্বরম বলেন, ‘এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করা ভারতের পক্ষে সম্ভব। ওই দুজন সম্পর্কে গোয়েন্দা তথ্য আমাদের সঙ্গে বিনিময় করার অনুরোধ জানিয়েছি।’মনমোহন মন্তব্য করেননি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে চিদাম্বরমের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের ২৫ শতাংশ মানুষকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করে কি না। এর উত্তরে তিনি এককথায় বলেন, প্রধানমন্ত্রী এ ধরনের কোনো মন্তব্য করেননি।ভারতের পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় মনমোহন মন্তব্য করেন, বাংলাদেশের ২৫ শতাংশ লোক জামায়াতে ইসলামীর সমর্থক। এসব লোক ভারতবিদ্বেষী এবং আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের মন্তব্য তাঁর কার্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশের পর দুই দেশে বিতর্ক সৃষ্টি হয়। এরপর ওয়েবসাইট থেকে বক্তব্য প্রত্যাহার করা হয়।হত্যা বন্ধুত্বের প্রতিফলন নয়: গতকাল দুপুরে পি চিদাম্বরম পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দীপু মনি বলেন, সীমান্তে প্রাণহানির ঘটনা ঘটতে থাকলে দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক রয়েছে, তার প্রতিফলন হয় না। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানি পুরোপুরি বন্ধের আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের সাম্প্রতিক সহযোগিতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ ব্যাপারে ভারতের প্রতি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।ঢাকা ত্যাগ: এদিকে গতরাতে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন পি চিদাম্বরম। রাত নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দুই দিনের সফরে গত শুক্রবার রাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন।