আক্রান্ত হলে উত্তর কোরিয়া যুদ্ধের জন্য প্রস্তুত
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তবে দক্ষিণ কোরিয়ার একটি পর্যবেক্ষক গ্রুপ আজ মঙ্গলবার জানায়, কিম তাঁর সামরিক বাহিনীকে বলেছেন, যদি দক্ষিণ কোরিয়া প্রথমে উত্তর কোরিয়ার ওপর আক্রমণ চালায়, তবে তাদেরও যুদ্ধে যেতে হবে। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা এ খবর প্রচার করার পর পরই সিউলের আর্থিক বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। শেয়ারবাজারের প্রধান মূল্যসূচক তিন শতাংশেরও বেশি নেমে যায়। অবশ্য দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষক গ্রুপটি তার ওয়েবসাইটে বলে, উত্তর কোরিয়া টর্পেডো ছুড়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চিওনান ধ্বংস করে এবং ওই হামলায় ৪৬ জন নাবিক নিহত হন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালিত অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসার পর ২০ মে খবরটি সম্প্রচারিত হয়।গ্রুপটি জানায়, সম্প্রচারটিতে বলা হয়, ‘আমরা যুদ্ধের আশা করি না। কিন্তু দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সহযোগিতায় আমাদের আক্রমণ করার চেষ্টা করলে (কোরিয়া) যুদ্ধের সময় ঘোষিত দুই কোরিয়া একত্রীকরণের কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন কিম জং ইল।’এর আগে গতকাল সোমবার সিউল উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করে। একই সঙ্গে সিউল ঘোষণা করে, উত্তরের কোনো বাণিজ্যতরীকে সে তার জলভাগ ব্যবহার করতে দেবে না। দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে তার যুদ্ধজাহাজে হামলা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতেও বলে। মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়ান উপদ্বীপে যার ২৮ হাজার সৈন্য মোতায়েন করা আছে, দক্ষিণ কোরিয়াকে তার পূর্ণ সমর্থন জানিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র এ কথাও বলেছে, দুই কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য সে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে উত্তর কোরিয়ার আছে ১০ লাখ সৈন্যের এক সেনাবাহিনী, যা সারা বিশ্বে যুদ্ধের জন্য প্রস্তুত বৃহত্ সামরিক বাহিনীগুলোর একটি। —রয়টার্স