আক্রান্ত হলে এভাবেই জবাব দেবে ইরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ইসরায়েলে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার পাকিস্তানি পত্রিকা দি ডনের খবরে এ কথা জানানো হয়। দেশ রক্ষায় ইরানের মানুষের ইচ্ছা ও শক্তি প্রদর্শনে তিন দিনব্যাপী সামরিক মহড়ায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।ইরানের স্থানীয় গণমাধ্যম বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এভাবেই জবাব দেবে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ডের দ্বিতীয় প্রধান কর্মকর্তা জেনারেল হোসেইন সালামির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার একজন কর্মকর্তা বলেন, এর আগেও শাহাব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। আবার পরীক্ষা চালানোর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি তারা এই বার্তা দিল যে ইরানে হামলা চালানোর আগে তারা যেন দ্বিতীয়বার চিন্তা করে।ইরানের আল-আলম টেলিভিশনের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, কাভির মরুভূমির একটি স্থানকে লক্ষ্য করে রেভল্যুশনারি গার্ডের সদস্যরা দুই হাজার কিলোমিটার পাল্লার শাহাব-৩ নামের ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান। যা এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলে সহজেই আঘাত হানতে সক্ষম। গ্রেট প্রোফেট ৭ নামে চলা ওই মহড়ার দ্বিতীয় দিনে আজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান। কাল বুধবার মহড়া শেষ হবে।আল-আলম টেলিভিশন আরও জানায়, এ সময় শাহাব-১ ও শাহাব-২ নামে ৩০০ থেকে ৫০০ কিলোমিটার দূরপাল্লার আরও দুটি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়। রেভল্যুশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ফারসের এক প্রতিবেদনে জানানো হয়, কাভির মরুভূমির ওই নির্দিষ্ট লক্ষ্যস্থলে বিভিন্ন ধরনের আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বার্তা সংস্থা ইসনার এক খবরে বলা হয়, কাল বুধবার মহড়ার শেষ দিনে চালকহীন বিমান (ড্রোন) হামলার মহড়া চলবে।