আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩৭ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য সঠিক পরিবেশ, ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন’।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ডায়াবেটিস প্রতিরোধে তাঁরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় বলা হয়, ১৯৮৫ সালে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত লোকের সংখ্যা ছিল প্রায় তিন কোটি, যা এখন বেড়ে হয়েছে ৩৭ কোটি। প্রতিরোধ করা না গেলে ২০৩০ সালে এই সংখ্যা ৫৫ কোটিতে পৌঁছাবে। আয়োজকেরা জানায়, বাংলাদেশে বর্তমানে ৮৪ লাখের বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে মাত্র ২৫ ভাগ রোগীকে সেবার আওতায় আনা সম্ভব হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, খেলাধুলা না করা, ফাস্টফুড খাওয়া, কায়িক পরিশ্রম না করার কারণে শহরের ছেলেমেয়েরা মোটা হয়ে যাচ্ছে। ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ সময় আরও জানানো হয়, সচেতনতার অভাবে সাধারণ মানুষ অনেক পরে বুঝতে পারেন যে তিনি এই রোগে আক্রান্ত। তাই এই রোগ হয়েছে কি না, সেটি জানতে ৪০ বছর পর নিয়মিত পরীক্ষা করা উচিত। সমিতির সভাপতি এ কে আজাদ খান ও মহাসচিব সাইফ উদ্দিন সম্মেলনে বক্তব্য দেন।দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় শাহবাগ থেকে দোয়েল চত্বরে এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে সনি সিনেমা হল পর্যন্ত পৃথক দুটি শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে, প্রেসক্লাব, ধানমন্ডি, রবীন্দ্রসরোবরসহ বিভিন্ন এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ সকাল আটটা থেকে সবার জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে। ল্যাবএইড হাসপাতাল সপ্তাহব্যাপী ফ্রি ডায়াবেটিক সেবা দেওয়া হবে।