আক্রোশ থেকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র : ফখরুল
সরকার সুপরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই সরকার এ ধরনের হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে।আজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের কাজের নিন্দা ও প্রতিবাদ জানান।মির্জা ফখরুল অবিলম্বে সরকারকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ বন্ধ করে গরিব মানুষের প্রতিষ্ঠানটিকে বাঁচানোর আহ্বান জানান। অন্যথায় তিনি দলমত, শ্রেণীপেশার মানুষ-নির্বিশেষে সম্মিলিতভাবে এই স্বৈরাচারী সরকারের বিধ্বংসী সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার দেশ ও মানুষের স্বার্থ কখনোই গ্রাহ্য করেনি। তারা বার বার উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতির বরখেলাপ করে দেশবাসীকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। অথচ লাখ লাখ গরিব মানুষের স্বার্থসংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে তারা তাদের অন্ধ প্রতিহিংসা চরিতার্থ করছে।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার যাকে প্রতিপক্ষ মনে করে, তাকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখে। আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে সরকার জাতীয় ভাবমূর্তিকেই নষ্ট করেছে। সরকার প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গণতন্ত্রের পায়ে ডান্ডাবেড়ি পরিয়েছে। অন্যদিকে জাতীয় অর্জনগুলোকেও ভূলুণ্ঠিত করার এক মরণ খেলায় মেতে উঠেছে।