আক্ষেপ, হতাশা তার পরও তৃপ্তি
আকরাম খান বুঝতে পারছিলেন না কী বলবেন। শুধু বুঝতে পারছিলেন, ভেতরে আনন্দের জোয়ার বইছে। ‘কেমন লাগছে’ জানতে চাইলে একটু গুছিয়ে নিয়ে প্রধান নির্বাচক বললেন, ‘বিশ্বাস করেন, চ্যাম্পিয়ন হলে আমার যে রকম আনন্দ লাগত, এখনো সে রকম আনন্দ লাগছে। ফাইনালে হেরে যাওয়ায় শুধু প্রকাশ করতে পারছি না।’মাথার ওপর তখন আকাশ আলো করে ফুটছে আতশবাজি। একবারও মনে হয়নি, সেই আলোর ফোয়ারা বিদ্রূপ করছে বাংলাদেশ দলকে, বাংলাদেশের হারকে। পরাজয়টা এমন হলে আলোর উৎসব হতেই পারে।ফাইনালে ২ রানে হেরে গেলেও খারাপ খেলে হারেনি বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ভালো খেলার পর ফাইনালেও মাথা তুলে হারা বুকের ভেতরের জমাট ব্যথাটাকে বাইরে আসতে দেয়নি। শেষটা ভালো করার আনন্দ চেপে রাখছিল সব দুঃখ-কষ্ট। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরাও দুঃখের চেয়ে আনন্দটাই প্রকাশ করলেন বেশি। অধিনায়ক মুশফিকুর রহিম আর কোচ স্টুয়ার্ট লকে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন সবাই।চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা কোচ-অধিনায়ক দুজনের কথাতেই ছিল, তবে বেশি ধরা পড়ল ভালো খেলার আনন্দ। ‘আমরা খুবই ধারাবাহিকভাবে পেশাদার ক্রিকেট খেলেছি। শুধু এই ঐতিহাসিক জয়টাই পেলাম না। শেষ তিন ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, আমার মাথা উঁচু করে দিয়েছে তারা’—হেরে যাওয়া দলের কোচ কবে এত গর্ব নিয়ে কথা বলেছেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে!মুশফিক আবেগ ধরে রাখতে পারেন না। কালও পারেননি। কষ্টটা বেশি পেয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে না পেরেই, ‘নিজের জন্য না হলেও দেশের মানুষের কথা ভেবে খারাপ লেগেছে। আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। দলের সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’ খেলা শেষে ড্রেসিংরুমে অশ্রুসিক্ত হয়েছেন দলের সবাই। আকাশছোঁয়ার এত কাছে গিয়েও ফিরে আসার আফসোস কুরে কুরে খাচ্ছিল। তবে খেলোয়াড়দের হতাশা থেকেও অনুপ্রেরণা খুঁজতে হয়। খুঁজছেন মুশফিকও, ‘স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমের অবস্থা অনেক খারাপ ছিল ম্যাচ শেষে। এ রকম সুযোগ সব সময় আসে না। এই জায়গায় গিয়ে হারা কষ্টের। তবে আমরা এই টুর্নামেন্টে যা পেয়েছি, তা-ও কম নয়। এটা নতুন একটা শুরু। এখান থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যতে খেলব।’কেন হারতে হলো, কোথায় কোন ভুল অল্পের জন্য হড়কে দিল পা—এমন সব বিষয় উঠে আসছিল ড্রেসিংরুমের কথোপকথনে। তবে কোনোটাই পরাজয়ের কারণ হিসেবে দাঁড়ায়নি। ‘ছোটখাটো ভুল হয়তো ছিল। কিন্তু আমরা যে সেসবের জন্যই হেরেছি, এমন মনে করছে না কেউ। ২৩৬ রান প্রতি ম্যাচেই তাড়া করতে চাইব। দুর্ভাগ্যজনকভাবে আজ (গতকাল) হয়তো পারিনি। খুব কাছে গিয়েও পারিনি’—টিম মিটিংয়ের জন্য ড্রেসিংরুমে ঢোকার আগে বলছিলেন টানা চার ম্যাচে ফিফটি করা তামিম ইকবাল।মুশফিকের কথারও একই সুর। শেষ ওভারে শাহাদাতের ১৯ রান দিয়ে দেওয়া, নাজিমউদ্দিন-নাসিরের ধীরলয়ের ব্যাটিং—কোনো কিছুকেই কাঠগড়ায় দাঁড় করাননি অধিনায়ক, ‘এ রকম উইকেটে ২৩৬ আপনি প্রতিদিনই তাড়া করতে চাইবেন। শেষ ওভারে হয়তো ১০ রান কম দিতে পারতাম। এটা বেশি হয়ে গেছে। তবে ২৩৭-ও অসম্ভব নয়। মাঝে কিছু সময় রান বাড়াতে পারছিলাম না। তবে আজ (গতকাল) বল ঘুরছিল, একটু টার্নও পাচ্ছিল তারা।’মুশফিকের চোখে এশিয়া কাপ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি বড় দলের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলা। টুর্নামেন্টে শুরুর আগে অনেক বিতর্কের মধ্য দিয়ে গেছে দল। সেসব পেছনে ফেলে এই অর্জনটাকেও কম মনে করছেন না অধিনায়ক, ‘আমরা বড় দলের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি না। এখানে চার ম্যাচে খুবই ভালো খেলেছি। এখন যেভাবে খেলছি, এভাবে খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারব।’টুর্নামেন্ট শুরুর আগে কেউই আশা করেনি বাংলাদেশ ফাইনাল খেলবে। ভাবেননি মুশফিকও। চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা ভুলিয়ে দিচ্ছে অপ্রত্যাশিত এই প্রাপ্তি। সঙ্গে পাওয়া গেছে নতুন দিগন্তের সন্ধান।