আখাউড়া-আগরতলা সীমান্ত সড়ক নির্মাণের খরচ দেবে ভারত
ভারত ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায়। এ জন্য নয়াদিল্লি সড়ক অবকাঠামো নির্মাণের পুরো ব্যয়ভারও নিতে রাজি ভারত। গত ১৫ জুন ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ওটিপিসি (ওএনজিসির অধীন ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া-আগরতলা সীমান্ত পর্যন্ত পুরো সড়ক অবকাঠামো নির্মাণে অর্থায়নের প্রস্তাব দিয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। আজ ভারতীয় হাইকমিশনার রজিত মিটার নৌ পরিবহনমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাঁরা আশুগঞ্জ নৌবন্দর, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেড় ঘণ্টা আলোচনা করেন। পরে মন্ত্রী বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পণ্য পরিবহন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। বন্দর দুটো নেপাল ও ভুটানকে ব্যবহার করতে দেওয়ার লক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর যেন দ্রুত যুগোপযোগী করা যায়, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আশুগঞ্জ হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে পালাটানায় যন্ত্রপাতি পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারি মাসে দিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের বিষয়ে দুই দেশ সম্মত হয়।