আখাউড়া রেলওয়ে জংশনের স্থাপনা উচ্ছেদ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের সৌন্দর্য নষ্ট করে রিকশা ও ভ্যানগাড়ি রাখার স্থানে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করা শুরু করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে ১৩ ফুট প্রশস্ত ও ১০০ ফুট লম্বা স্থানটিতে নির্মাণ করা ১৫টি পাকা দোকানঘর ভাঙা শুরু হয়। এ সময় সেখানে রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি (ঢাকা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আখাউড়া থানা, আখাউড়া রেলওয়ে থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) লোকজন নিয়োজিত ছিলেন।রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রেলওয়ের বাণিজ্য বিভাগ আখাউড়ার মসজিদ পাড়ার জেসমিন আক্তার নামের এক নারীকে ওই স্থানে অস্থায়ী গুদামঘর তোলার অনুমতি দিয়েছিল। তবে তিনি নিয়ম ভেঙে জংশন স্টেশনের সৌন্দর্য নষ্ট করে গত বছরের ১৭ ডিসেম্বর ওই স্থানে পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন। এ ঘটনার প্রতিবাদে আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ শহরে মিছিল ও মানববন্ধন করে। সে সময় প্রথম আলোয় ‘অবৈধ স্থাপনায় ঢাকছে আখাউড়া রেল জংশন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেমে যায় অবৈধ দোকানের নির্মাণকাজ। পরে চলতি বছরের ২০ এপ্রিল থেকে আবারও ওই স্থানে ১৫টি পাকা দোকানঘর নির্মাণ করা হয়। এর প্রতিবাদে আখাউড়া সচেতন নাগরিক ফোরাম ও মুক্তিযোদ্ধা সংসদ ৩০ মে আখাউড়া শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। ১৪ জুনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে ১৫ জুন আখাউড়ায় আধাবেলা হরতাল ও পূর্বাঞ্চল রেলপথ অবরোধ করা হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারক লিপি দেন।আখাউড়ার সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, রেলওয়ের যেসব কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে আখাউড়ায় দোকানঘর নির্মাণ করা হয়েছে তাঁদের শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। তবে উচ্ছেদ শুরু হওয়ায় হরতাল ও রেলপথ অবরোধের কর্মসূচি তাঁরা প্রত্যাহার করেছেন।রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আখাউড়া রেলওয়ে জংশনের রিকশা ও ভ্যান পার্কিংয়ের স্থানে পাকা দোকান তোলার কোনো অনুমোদন ছিল না। এই স্থাপনা স্টেশনের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যাত্রী-নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ। তা ছাড়া সাধারণ মানুষের কারণে অবৈধ দোকান ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে।