ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আজ সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থলবন্দরের আখাউড়া অংশে আটকা পড়েছে প্রায় ১০০ রপ্তানিযোগ্য পণ্যবোঝাই ট্রাক।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে শ্রমিকদের ধর্মঘটের কথা বাংলাদেশি ব্যবসায়ীদের জানাননি। এতে রপ্তানিযোগ্য পণ্যবোঝাই ১০০টি ট্রাক বন্দরে আটকে যায় এবং এর জন্য ব্যবসায়ীদের ট্রাকপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা লোকশান দিতে হবে।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, বন্দরটি প্রায় শতভাগ রপ্তানিমুখী। হঠাৎ করেই আগরতলার শ্রমিকদের ধর্মঘটের কারণে এক দিনে প্রায় ৮০ লাখ টাকার পণ্য রপ্তানি সম্ভব হয়নি।