আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ট্রাকচালকদের আন্দোলনের জের ধরে গতকাল শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে বন্দরের উভয় দিকে বেশ কিছু ট্রাক আটকা পড়েছে।আজ রোববার বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দফা দাবিতে বন্দরের শ্রমিকেরা দফায় দফায় মিছিল করে। দাবি দুটি হলো—নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী ট্রাক চালানো ও বন্দরের আটকে থাকার কারণে প্রতিদিনের জন্য ভর্তুকি প্রদান।বন্দর সূত্রে জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে প্লাস্টিক পণ্যবাহী একটি ট্রাক নিয়ম ভেঙে বন্দর দিয়ে আগে ভারতের দিকে যাওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ট্রাকচালকেরা ট্রাক চলাচল বন্ধ করে দেন। এতে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। শুধু আজ রোববার সকালে প্রায় ১০০ ঝুড়ি মাছ রপ্তানি হয়। তবে পাথর, সিমেন্টসহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ রয়েছে।বন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী জানান, ৫০টি ট্রাকের পণ্য রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্যার কারণে ট্রাকগুলো ভারতে ঢুকতে পারছে না।এদিকে সমস্যা নিরসনের লক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতি ও ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা আজ বেলা পৌনে একটার দিকে বৈঠকে বসেছেন।