আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ব্যবসায়ীরা ধর্মঘটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া আখাউড়া স্থলবন্দরের ১৬ কিলোমিটার রাস্তা মেরামতের দাবিতে বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতি যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে সংগঠন দুটির নেতারা ঘোষণা দিয়েছেন। আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া অংশের ১৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। সময়মতো মেরামত না করায় এটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, রাস্তা চলাচলের উপযোগী না করা পর্যন্ত ধর্মঘট চলবে। স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রতিদিন মাছ, সিমেন্ট, পাথর, ইট, প্লাস্টিক পণ্য, গ্লাস, পাট ও পাটজাত দ্রব্যসহ শতাধিক পণ্য ট্রাকে করে রপ্তানি হয়। এ থেকে প্রতিদিন প্রায় ৮০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়।বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী জানান, সকাল থেকে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন।