আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মতপার্থক্যের কারণে আখাউড়া-আগরতলা রেললাইনের বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। দিল্লি এর আগে ওই ক্ষতিপূরণ দিতে রাজি ছিল। সম্প্রতি ভারত বলেছে, রেললাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ এবং এ জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে উভয় দেশের সরকারকে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ১২ মে বাংলাদেশকে দেওয়া এক চিঠিতে ভারত বলেছে, ‘রেল সংযোগ স্থাপনের টাকা ভারত দেবে। তবে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিষয়টি সংশ্লিষ্ট সরকারকে বহন করতে হবে।’বাংলাদেশ মনে করে, ভারতকেই তার দীর্ঘদিনের পছন্দের এ প্রকল্পে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আখাউড়া হয়ে আগরতলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করতে পারলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনে ভারতের সময় ও অর্থের বিপুল সাশ্রয় হবে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের মতে, হাসিনা-মনমোহন দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণা অনুসারেই ভারতকে এ প্রকল্পের অর্থায়ন করতে হবে।দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণার ২৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘এ সিদ্ধান্ত হয়েছে যে, প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেল সংযোগ ভারতীয় মঞ্জুরির টাকায় বাস্তবায়িত হবে।’এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান গতকাল শনিবার প্রথম আলোকে ফোনে বলেন, ভারতের পাঠানো চিঠিতে কী আছে, তা টেক্সট (ভাষ্য) দেখে বলতে হবে।মোজাম্মেল হক এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। যোগাযোগ করা হলে মহাপরিচালক টি এ চৌধুরী এ প্রতিবেদককে বলেন, তাঁরা এ ধরনের কোনো চিঠি পাননি।দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে লাইনের সংস্কার, সম্প্রসারণসহ খুঁটিনাটি বিষয়ে যৌথ সমীক্ষা চালাতে বাংলাদেশের কর্মকর্তারা আগরতলা সফর করেন। এরপর দুই দেশের কর্মকর্তারা বৈঠক করেন। ইতিমধ্যেই বাংলাদেশের কর্মকর্তারা একটি প্রতিবেদন জমা দিয়েছেন।ওই প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গাসাগর (বাংলাদেশ) থেকে আগরতলা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ রেললাইনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সংযোগ স্থাপন করা হবে। সীমান্তের দুই পাশেই পাঁচ কিলোমিটার করে রেললাইন থাকবে। এর মধ্যে আখাউড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত পাশাপাশি দুটি রেললাইন থাকবে। এ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, প্রস্তাবিত এ রেললাইন সম্প্রসারণের ফলে সীমান্তের দুই পারের মানুষের জন্য তেমন বড় কোনো সমস্যা হবে না। তবে সম্প্রসারণের জন্য কিছু ভূমি অধিগ্রহণের বিকল্প নেই।খোঁজ নিয়ে জানা গেছে, যৌথ সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে সম্মতি জানানো হয়। এই প্রেক্ষাপটে গত ১৭ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় বাংলাদেশের সম্মতির বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানিয়ে দেয়।গত ৩১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় (বাংলাদেশ) থেকে পাঠানো এক চিঠিতে অভিমত দেওয়া হয়, গঙ্গাসাগর-আখাউড়া সমান্তরাল দুই লাইন, অতিরিক্ত লুপ স্থাপন, ভূমি অধিগ্রহণ ইত্যাদি বিষয় অবধারিতভাবেই আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পের অংশ। কাজেই ভারতের মঞ্জুরির মাধ্যমেই তা করতে হবে। বিষয়টি গত ৫ এপ্রিল ভারতকে দেওয়া এক চিঠিতে জানিয়ে দেওয়া হয়। ওই চিঠির জবাবে ১২ মে ভারত বলেছে, ভূমি অধিগ্রহণ এবং এর ক্ষতিপূরণ নিজ নিজ সরকারকে দিতে হবে। চিঠিতে ভারত মত দেয়, সব ধরনের বহুপক্ষীয় অর্থায়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এ ক্ষেত্রে ১০০ কোটি ডলার ভারতীয় ঋণ চুক্তির আওতাধীন প্রস্তাবিত তিতাস ও ভৈরব সেতুর কথা উল্লেখ করা হয়।কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা ভারতের ওই যুক্তি নাকচ করে দিয়ে বলেন, আখাউড়া-আগরতলা রেল সংযোগের সঙ্গে তিতাস ও ভৈরব সেতুর তুলনা করা ঠিক নয়। কারণ রেল সংযোগ চালুর ব্যাপারে ভারত দীর্ঘদিন ধরে অনুরোধ জানিয়ে আসছে। এটি চালু হলে ভারত খুব সহজেই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে পারবে। ভারত এ প্রস্তাবে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশকে বলেছিল, প্রকল্পটি তাদের অর্থায়নে বাস্তবায়িত হবে। ভারতের এ প্রতিশ্রুতির প্রতিফলন আছে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণায়। কিন্তু তিতাস ও ভৈরব সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। অনিশ্চয়তা ফেনী সেতুতেও: চট্টগ্রাম বন্দর ব্যবহারের অংশ হিসেবে ফেনী নদীর ওপর খাগড়াছড়ির রামগড়ে ও দক্ষিণ ত্রিপুরার সাবরুমে সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১২ কোটি রুপি খরচ করে ওই সেতু তৈরি হবে। এতে রেললাইন রাখার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাবরুমের যোগাযোগ প্রকল্প নিয়েও সম্প্রতি অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত মাসে বাংলাদেশকে দেওয়া এক চিঠিতে ভারত জানিয়েছে, সেতু নির্মাণের সময় ভূমি অধিগ্রহণের দায়িত্ব বাংলাদেশকে নিতে হবে। অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকাও দিতে হবে বাংলাদেশকে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বে ভারত একাধিকবার মৌখিকভাবে সেতু প্রকল্পে পুরো টাকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। গত বছর বাংলাদেশ সফরের সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনীহা দেখালে রাজ্য সরকারই নিজস্ব অর্থায়নে সেতুটি তৈরি করবে।