চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য ট্রেনে করে সরাসরি আগরতলায় নেওয়া সম্ভব হবে
আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের লক্ষ্যে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ কিলোমিটার নতুন রেললাইন তৈরি হলেই বাংলাদেশের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। এ জন্য ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে সংযোগ স্থাপনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে চার কিলোমিটার আগের স্টেশন গঙ্গাসাগরকে বেছে নেওয়ার সুপারিশ এসেছে প্রাথমিক এক জরিপে।বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রতিষ্ঠার অংশ হিসেবে দুই দেশের রেলওয়ের কর্মকর্তারা সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় প্রাথমিক জরিপ করেছেন। জরিপের ফলাফল নিয়ে তাঁরা আগরতলায় আলোচনায়ও বসেছেন। প্রাথমিক জরিপের ব্যাপারে সম্মতির জন্য তাঁরা নিজ নিজ সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।জানা গেছে, ৬ থেকে ৮ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের প্রধান যন্ত্রপ্রকৌশলী মো. শামছুজ্জামান, প্রধান পরিবহন কর্মকর্তা শাহ্ জহিরুল ইসলাম, প্রধান সংকেত ও তার যোগাযোগ প্রকৌশলী চন্দন কান্তি দাশ। বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের মহাব্যবস্থাপক যোগেশ কুমার মিশ্র ও ইন্ডিয়ান নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের উপপ্রধান প্রকৌশলী এম ভি প্রসাদ।ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘আগরতলা বৈঠকের সুপারিশ আমরা এ সপ্তাহে যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেব। দুই দেশের সরকার এই সুপারিশ অনুমোদনের পর আগামী মাসে শুরু হবে পূর্ণাঙ্গ জরিপ। সব মিলিয়ে আগামী ছয় মাসের মধ্যে রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হবে।’জানা গেছে, আখাউড়ার দক্ষিণের স্টেশন গঙ্গাসাগর থেকে ভারতের সীমান্তের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ভারতের সীমান্ত থেকে আগরতলার দূরত্বও পাঁচ কিলোমিটার। এই ১০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করলে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য ট্রেনে করে সরাসরি আগরতলায় নেওয়া সম্ভব হবে।সূত্র জানায়, ভারতের রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এর আগে দুই দফা ঢাকা সফর করে এই পথে রেললাইন সম্প্রসারণের ব্যাপারে প্রাথমিক আলোচনা করেছেন। এরপর আগরতলার বৈঠকে দুই দেশের রেলওয়ের শীর্ষ পর্যায়ের কারিগরি কর্মকর্তারা অংশ নেন এবং প্রাথমিক জরিপের মাধ্যমে রেললাইন সম্প্রসারণের জন্য নতুন জায়গা নির্ধারণ করেন।বর্তমানে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে পণ্য পরিবহনে বিপুল অর্থ ও সময় ব্যয় হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে এক সপ্তাহ লেগে যায়। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এসব রাজ্যে পণ্য পরিবহন করলে অর্থ ও সময় দুটিরই অনেক সাশ্রয় হবে।সূত্রমতে, গঙ্গাসাগর থেকে আগরতলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করতে ৩০ একর জায়গা লাগবে। বাংলাদেশ অংশে এই পথে জলাশয় বেশি এবং জনবসতি কম। এ কারণে বাংলাদেশ এই পথে রেলসংযোগ স্থাপনের পক্ষে মতামত দেয়।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্রপ্রকৌশলী মো. শামছুজ্জামান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গঙ্গাসাগর দিয়ে রেললাইন সম্প্রসারিত হলে বাংলাদেশের অংশে জলাশয় পড়বে বেশি। এতে ফসলি জমি ও বসতি কম নষ্ট হবে। ভারত সরকারের অর্থায়নে লাইন সম্প্রসারিত হবে। তারা বাংলাদেশের আখাউড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ আরেকটি নতুন লাইন তৈরি করবে।রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গঙ্গাসাগর পর্যন্ত ১৯৬ কিলোমিটার রেললাইন চালু আছে। আর পাঁচ কিলোমিটার লাইন সম্প্রসারিত হলে ভারতীয় পণ্য বা কনটেইনার পরিবহনের জন্য বাংলাদেশের ২০১ কিলোমিটার রেললাইন ব্যবহূত হবে।জানা গেছে, ভারত সরকার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের কম ভূখণ্ড ব্যবহার করতে আগ্রহী। তাই আগরতলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের হার কমাতে পারে ভারত। তাই ২০১৪ সালের পর চট্টগ্রাম থেকে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে পণ্য পরিবহনের চিন্তা আছে তাদের। এতে আরও ৮৭ কিলোমিটার দূরত্ব কমে যাবে। চট্টগ্রাম থেকে ফেনীর বিলোনিয়ার দূরত্ব ১১৪ কিলোমিটার।