আখাউড়া বন্দরে এখনো ২০০ পণ্যবাহী ট্রাক আটকা
আখাউড়া স্থলবন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তেজনার ঘটনায় আজ রোববারও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ কারণে বন্দরে রপ্তানির পণ্যবোঝাই প্রায় ২০০ ট্রাক আটকে আছে।অবৈধভাবে সীমান্তের খালের ওপর পিলার নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে গতকাল শনিবার আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষীদের ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকের পর উত্তেজনা থামে। তবে শনিবার বেলা দুইটা থেকে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সন্ধ্যার পর উত্তেজনা থামলেও ততক্ষণে বন্দরের কাজ চালানোর সময় শেষ হয়ে যায়। এ কারণে বন্দরে রপ্তানির পণ্যবোঝাই প্রায় ২০০ ট্রাক আটকে যায়।আজ রোববার ছুটির দিন। এ কারণে কাল সোমবার পর্যন্ত আটকে থাকা ট্রাকের জটলা কমবে না বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, আটকে থাকা প্রতি ট্রাকে ২০০ থেকে ২৫০ টাকা করে লোকসান গুণতে হবে ব্যবসায়ীদের।