আখাউড়া স্থলবন্দর আজ থেকে পাঁচ দিন বন্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগরতলা সফরকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আর পরদিন শুক্রবার সরকারি ছুটি। শেখ হাসিনার নিরাপত্তার কারণেই আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা তাঁদের দিক থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে আখাউড়া স্থলবন্দর দিয়েও ওই সময় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শেখ হাসিনা ১১ জানুয়ারি দুই দিনের সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যাবেন।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ডু প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা বিষয়টি আগে থেকে অবহিত করায় বন্দরে রপ্তানিযোগ্য পণ্যবাহী কোনো ট্রাক আটকে নেই।