আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে ত্রিপুরায় সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ত্রিপুরায় অটোরিকশা ও পিকআপ ভ্যান শ্রমিকদের ধর্মঘটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।আখাউড়া স্থলবন্দরের রপ্তানিকারক মো. ফারুক মিয়া প্রথম আলোকে বলেন বলেন, ত্রিপুরার অটোরিকশা ও পিকআপ ভ্যান শ্রমিকেরা জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সমতা রেখে ভাড়া বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে ওই রাজ্যে ধর্মঘট করছে।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে থেকে এ ধর্মঘটের বিষয়টি আখাউড়ার ব্যবসায়ীদের জানাননি। এ কারণে বন্দরে রপ্তানির বিভিন্ন পণ্য বোঝাই শতাধিক ট্রাক আটকে আছে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আগরতলা শুল্ক বিভাগ তাদের কিছু জানায়নি। বন্দর একদিন বন্ধ থাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে বন্দর।