আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাকশ্রমিকদের অসৌজন্য আচরণের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারী পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।পাথর, সিমেন্টসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যবোঝাই প্রায় ২৫০টি ট্রাক আটকে আছে। তবে সকালে ত্রিপুরায় মাছ রপ্তানি হয়েছে।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাকশ্রমিকেরা বন্দরের নিয়ম মানছেন না। তাঁরা তাঁদের মতো করে চলতে চাইছেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকেরা অসৌজন্য আচরণও করেছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান বলেন, বন্দর ইয়ার্ডে প্রায় দেড় শ ও বাইরে আরও প্রায় ১০০ পণ্যবোঝাই ট্রাক আটকে আছে।এই বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া ট্রাকশ্রমিক সমিতির সভাপতি স্বপন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘একজন শ্রমিক মালামাল নিয়ে বন্দরে তিন থেকে চার দিন আটকে থাকে। অথচ ব্যবসায়ীরা রাস্তা থেকে লাইন ভেঙে ট্রাক সামনে নিয়ে আসে। আমরা এমন অনৈতিক কাজের প্রতিবাদ করার কারণে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন।’ আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, ট্রাকশ্রমিকদের সঙ্গে রাতে কথা হতে পারে। সেখানে কোনো সিদ্ধান্ত না হলে কাল সোমবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।