আখাউড়া স্থলবন্দরে ট্রাকচালকদের ধর্মঘট প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে গতকাল শনিবার দুপুর থেকে শুরু হওয়া ট্রাকচালকদের ধর্মঘট ২৬ ঘণ্টা পর আজ বিকেলে প্রত্যাহার করা হয়েছে। ট্রাকগুলোর টার্মিনালে অবস্থানের জন্য মাশুল দেওয়ার কথা ব্যবসায়ীদের। কিন্তু তাঁরা তা দিচ্ছিলেন না। এর প্রতিবাদে ট্রাকচালকেরা ধর্মঘটের ডাক দেন। আজ বিকেলে এক বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাকচালকেরা। জানা গেছে, গত ২৮ জুন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্দর কর্তৃপক্ষের টার্মিনালে ট্রাক রাখার জন্য নির্দিষ্ট মাশুল পরিশোধ করবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীরা তা পরিশোধ করছিলেন না।আজ রোববার বিকেলে বন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষ এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক সমিতির মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীরা এ ব্যাপারে ট্রাকচালকদের আশ্বস্ত করেন। তাঁদের আশ্বাসের ভিত্তিতে ট্রাকচালকেরা ধর্মঘট প্রত্যাহার করেন। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, কোনো ব্যবসায়ী যদি ওই মাশুল না দেন, তবে ট্রাকচালকদের বিষয়টি অ্যাসোসিয়েশনকে জানানোর কথা। তাঁরা তা না করে ট্রাক চালানো বন্ধ করে দেওয়ায় প্রায় ২৬ ঘণ্টা মাছ ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ ছিল।ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রতিটি বন্দরে মাশুল দেন ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দরে ট্রাকচালকদেরই এই মাশুল দিতে হচ্ছিল। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বলেন, বিকেলে পাথর, চিটাগুড়, মেলামাইনসহ ৪০টি ট্রাকবোঝাই পণ্য ত্রিপুরায় রপ্তানি হয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক বোঝাই পণ্য রপ্তানি হয়।