আখাউড়া স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গতকাল শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধন শেষে আখাউড়া স্থলবন্দরের ট্রাক টার্মিনালে আয়োজিত সমাবেশে নৌপরিবহনমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর রপ্তানিমুখী হওয়ায় এই বন্দরের উন্নয়ন ও রপ্তানি বাণিজ্য প্রসারে আরও কাজ করা হবে। তিনি বলেন, নৌবন্দরগুলোরও উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে স্থলবন্দরগুলোকেও আধুনিকায়ন করতে বর্তমান সরকার কাজ করছে।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফিরোজ শাহ আলম, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র মো. নূরুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ প্রমুখ।চট্টগ্রাম কাস্টমস কমিশনার জানান, ১৯৫০ সালে আখাউড়ায় কাস্টমস স্টেশন স্থাপন করা হয়। ১৯৫৭ সালে শুরু হয় আমদানি-রপ্তানি। এর আগে ১৯৫৫ সালে ভারতীয় যাত্রীরা এই পথে আসত বাংলাদেশে। ১৯৬৪ সালে এটি পূর্ণাঙ্গ কাস্টমস স্টেশন হিসেবে চালু হলেও ১৯৬৬ সালে তা বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীনের পর ভারতীয় যাত্রীরা বাংলাদেশে আসতে এই কাস্টমস স্টেশনটি আবারও ব্যবহার শুরু করে। ১৯৯৪ সালের ডিসেম্বরে এই স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয় এবং ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের যাত্রীরাও এই পথ দিয়ে ভারতে যাতায়াতের সুবিধা পায়। এরপর দুই দেশের মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয় এই পথে। ক্রমেই এই পথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়তে থাকে। ২০০৯-১০ অর্থবছরে শুধু রপ্তানি খাত থেকে ২১৪ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করে আখাউড়া স্থলবন্দর।