আখাউড়ায় ট্রাকচালকদের ধর্মঘটে আমদানি-রপ্তানি বন্ধ
ট্রাকচালকেরা ধর্মঘট করায় আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আজ সকালে ত্রিপুরায় ছোট মাছ রপ্তানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।ট্রাকচালকেরা জানিয়েছেন, গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্য একজন বাংলাদেশি ট্রাকচালক ও তাঁর সহযোগীকে লাঞ্ছিত করেছেন। এর প্রতিবাদে তাঁরা আজ ধর্মঘট ডেকেছেন।স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ধর্মঘটের জন্য বন্দরে পাথর, সিমেন্ট, চিটাগুড় ও প্লাস্টিকের সামগ্রীবোঝাই দুই শতাধিক ট্রাক আটকে আছে। এসব পণ্য ত্রিপুরায় রপ্তানি হবে।লাঞ্ছিত ট্রাকচালক আইয়ুব আলী (৪৫) প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল তিনটায় রপ্তানির পণ্য খালাস করতে কয়েকটি ট্রাক আগরতলা সীমানায় প্রবেশ করে। এ সময় আগরতলা সীমান্তে বিএসএফের দায়িত্বরত কয়েকজন সদস্য অহেতুক তাঁকে ও তাঁর সহযোগীকে গালাগাল করে মারতে আসেন।ট্রাকচালকেরা অভিযোগ করেন, বিএসএফের সদস্যরা প্রায় প্রতিদিন এমন ঘটনা ঘটায়। এর প্রতিবাদে তাঁরা ট্রাক চালানো বন্ধ করেছেন।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ট্রাকচালকেরা ঘটনার বিচার ও ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (এলসিও) মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, ভারী পণ্যরপ্তানি বন্ধ আছে। তবে সকালে ত্রিপুরায় ছোট মাছ রপ্তানি হয়েছে।