আখাউড়ায় ঢুকে পড়েছে ভারতীয় গাড়ি, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারতের একটি গাড়ি বিজিবি চৌকির সীমানা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই গাড়িটি ও তিন আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তিদের ভোর পাঁচটার দিকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম ত্রিপুরার গয়ংফাংয়ের অমরজিত্ বর্মা (২৪), বিশ্বদেব সাধুপাড়ার সুশান্ত দেববর্মা (২৪) ও চাচু বাগানের বিমল দেববর্মা (২৪)। বিজিবি সূত্রে জানা যায়, গাড়িটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের একটি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি ও সীমান্তের শূন্য রেখায় আরও একটি প্রতিবন্ধক বাঁশ ভেঙে ফেলে। একই কায়দায় বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে শূন্য রেখার একটি, ইমিগ্রেশনের একটি ও বিজিবির সীমানার একটি বাঁশ ভাঙে। বিজিবি আখাউড়া স্থলবন্দর চৌকির অধিনায়ক নায়েক সুবেদার আবদুল মান্নান প্রথম আলো অনলাইনকে বলেন, আটক ব্যক্তিরা ভারতীয় কোনো উগ্রপন্থী গোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে। তারা পালানোর জন্য অথবা কোনো নাশকতামূলক কাজ করতে পরিকল্পিত ও অবৈধভাবে এই পথে বাংলাদেশে ঢুকে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, আটক তিন ভারতীয় তাঁদের হেফাজতে আছে। বিজিবি অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।