আখাউড়ায় দুই পক্ষে বিরোধ, পুলিশের গুলিতে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝগড়ায় আহত হয়ে চিকিত্সাধীন কয়েকজনের ওপর প্রতিপক্ষের হামলা সামলাতে গিয়ে পুলিশের চালানো গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু ছালেক (৩০)। এ ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। আখাউড়া থানার পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন এক পক্ষের ওপর প্রতিপক্ষের হামলা সামলাতে পুলিশ রাতে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১১ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন নিহত হন। ঘটনায় পুলিশের এএসআই মো. সফিকুল ইসলাম বাঁ হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। লাঠির আঘাতে আহত হন কনস্টেবল মো. নূরুল ইসলাম (৫৫)। পুলিশের গুলিতে মো. কাইয়ুম মিয়া নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন মো. সুরুজ মিয়া (২৮), সালাউদ্দিন (২৯), সজল মিয়া (২৩), মাহবুব (২২) ও গুলিবিদ্ধ মো. কাইয়ুম মিয়া (৩০)।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোকলেসুর রহমান ১১ রাউন্ড গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনের ভাগনে আলীর নেতৃত্বে পুলিশের ওপর হামলা করা হয়।