আখাউড়ায় পাচারকারী সন্দেহে এক নারী আটক, দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দুর্গাপুর গ্রাম থেকে পাচারকারী সন্দেহে রুবি আক্তার (২০) নামের এক নারীকে আটক করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দুই শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে দুর্গাপুরে নানাবাড়ি বেড়াতে আসে সাড়ে চার বছরের নাঈমা ও তিন বছরের ফাহিমা। আজ দুপুরে বাড়ির পাশের রাস্তায় খেলা করার সময় রুবি শিশু দুটিকে চকলেট ও জুস কিনে দেওয়ার কথা বলে প্রায় আধা কিলোমিটার দূরের একটি দোকানে নিয়ে যান। এ সময় শিশু দুটির বড় বোন নাদিয়া (১৭) তাদের খোঁজ করছিল। তখন এক প্রতিবেশী জানান, এক নারী ওই দুই শিশুকে নিয়ে পূর্ব দিকে গেছেন। এ খবরে নাদিয়া আধা কিলোমিটার এলাকা গিয়ে তার দুই বোনকে দেখতে পায়। পরে গ্রামবাসী রুবিকে আটক ও শিশু দুটিকে উদ্ধার করে।আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু দুটিকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে ভারতের সীমানা প্রায় এক কিলোমিটার। প্রাথমিকভাবে রুবিকে শিশু পাচারকারী দলের সদস্য বলেই মনে হচ্ছে।