আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে দুর্গাপুর গুচ্ছগ্রামে গতকাল মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। নিহত যুবকের নাম খানজাহান আলী (২২)। আখাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, খানজাহান আলীর বাবা মৌলা আলী ও তাঁর আত্মীয়দের সঙ্গে প্রতিবেশী প্রায় ৩০টি পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। উভয় পক্ষের মধ্যে মারামারির এক মামলায় প্রায় তিন মাস ধরে মৌলা আলী ও খানজাহান আলী পলাতক ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন আদালতে হাজির হয়ে তাঁরা বাড়ি ফেরেন। গতকাল রাতে খাবার খেতে বসলে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের দায়ের কোপে খানজাহান আলী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১১টার দিকে তিনি মারা যান। এ হামলায় খানজাহান আলীর বাবা মৌলা আলী ও একজন নারী আহত হন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।