আখাউড়ায় বিজিবি-বিএসএফ উত্তেজনা, আমদানি-রপ্তানি বন্ধ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনার কারণে আখাউড়া সীমান্তে আজ শনিবার বেলা দুইটা থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ নিজ নিজ ক্যাম্প এলাকায় অবস্থান নিয়েছে।দুপুরে আখাউড়া সীমান্তের শূন্য রেখা থেকে ১৫ গজের মধ্যে বিএসএফ পিলার নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। বিজিবির আখাউড়া স্থলবন্দর ক্যাম্পের দায়িত্বে থাকা নায়েক সুবেদার আবদুল মান্নান প্রথম আলো অনলাইনকে বলেন, বিএসএফ খালের দুই পাড়ে অবৈধভাবে পিলার তৈরির জন্য মাটি খনন শুরু করে। এতে বিজিবি বাধা দিলে তারা প্রথমে শোনেনি। পরে সরঞ্জামসহ সরে যায়। এই ঘটনার পর থেকেই সেখানে উত্তেজনা দেখা দেয়।শেষ খবর পাওয়া পর্যন্ত আখাউড়া সীমান্তের ক্যাম্প এলাকায় বিজিবি এবং আগরতলা সীমান্তের ক্যাম্প এলাকায় বিএসএফ অবস্থান নিয়েছে। বিএসএফের কিছু সদস্য ক্যাম্পের বিভিন্ন জায়গায় অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আখাউড়া সীমান্তে পণ্যবোঝাই কয়েক শ ট্রাক আটকে রয়েছে।