আখাউড়ায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখায় খালের দুই পারে বিএসএফের অবৈধভাবে পিলার নির্মাণ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক চলছে। ফলে আজ সোমবার সকাল নয়টা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ আছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।বিজিবি-১২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিএসএফ আখাউড়া স্থলবন্দর এলাকার ২০২৩/৬এস সীমান্ত পিলার থেকে ২০২৩/৫এস পিলারের মাঝামাঝি খালের ওপর কালভার্ট নির্মাণ করতে গত মঙ্গলবার থেকে চেষ্টা করছে। ওই দিনই তারা খালের দুই পাড়ে দুটি পিলার নির্মাণের জন্য মাটি খনন শুরু করে। কিন্তু বিজিবি বাধা দিলে তারা ফিরে যায়। তবে শনিবার দুপুরে আবারও বিএসএফ মাটি খনন শুরু করলে বিজিবি বাধা দেয়।এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিন বিকেলে বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল নয়টার দিকে বিষয়টি নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে দুই দেশের সীমান্তরক্ষীদের উচ্চপর্যায়ের বৈঠক হয়। আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, বন্দরে পচনশীল পণ্য মাছসহ রপ্তানিযোগ্য পণ্যবোঝাই প্রায় ২৫০টি ট্রাক আটকে আছে।