আখেরি মোনাজাত, শেষ হলো ইজতেমার প্রথম পর্ব (ভিডিও)
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হবে এর দ্বিতীয় পর্ব। আজ দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে শুরু হওয়া ২০ মিনিটের এই মোনাজাতে মহান আল্লাহর কাছে ভুলত্রুটি ও পাপ মোচনের আকুতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী অংশ নেন। দোয়া মঞ্চের পাশে বসে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মোনাজাতে অংশ নেন। সেখানে বসে মোনাজাতে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদও।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে আখেরি মোনাজাতে অংশ নেন। বরাবরের মতো তাঁর জন্য টঙ্গীর বাটা সু ফ্যাক্টরির ছাদে বিশেষভাবে মঞ্চ তৈরি করা হয়েছিল। টঙ্গীর হোন্ডা (এটলাস) কারখানার ছাদে বিশেষভাবে তৈরি মঞ্চে বসে মোনাজাতে অংশ নেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার ময়দানের দিকে গতকাল শনিবার রাত থেকেই শুরু হয় মানুষের স্রোত। আখেরি মোনাজাত উপলক্ষে আজ রোববার ভোর থেকেই লাখ লাখ মুসল্লি হেঁটে ইজতেমা মাঠের দিকে আসতে থাকায় মানুষ বাড়ে আরও কয়েক গুণ। মোনাজাতের সময় ইজতেমা মাঠ পেরিয়ে মানুষের ভিড় আশপাশের সড়ক, অলিগলিসহ পার্শ্ববর্তী বাসাবাড়ির ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে।