আখেরি মোনাজাত দিয়ে আজ শেষ হবে ইজতেমা
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের ‘মুরব্বিরা’ মুসল্লিদের উদ্দেশে তাবলিগের ছয় ‘উছুল’ সম্পর্কে বয়ান করেন। আজ জোহরের আগে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে।২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ছিল ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে ২৮ জানুয়ারি থেকে আজ রোববার ৩০ জানুয়ারি পর্যন্ত হচ্ছে দ্বিতীয় তথা শেষ পর্ব। উভয় পর্বে প্রায় সমানসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকেরা জানিয়েছেন। এবার দুই পর্বে আয়োজিত হওয়ায় শিল্পশহর টঙ্গী তুলনামূলকভাবে জনজট ও যানজটমুক্ত ছিল বলে মনে হয়েছে।বয়ান: গতকাল শনিবার ফজরের পর থেকে বাদ আসর পর্যন্ত ভারতের চার জন তাবলিগ মুরব্বি বয়ান করেন। বাদ ফজর বয়ান করেন মাওলানা আবদুল ওহাব, বাদ জোহর বয়ান করেন মাওলানা শামিম আহমেদ, বাদ আসর বয়ান করেন মাওলানা জুবায়েরুল হাসান এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা আহম্মদ লাট। মুরব্বিরা সুবিশাল ময়দানে সমবেত দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে তাবলিগের ছয়টি উছুল বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বয়ান করেন।গতকাল শনিবার ফজরের পর থেকে সকাল নয়টা পর্যন্ত বয়ানের পর চলে তালিম ও ছবক দেওয়া। জোহরের নামাজের পর শুরু হয় দেশ-বিদেশে বিভিন্ন সময়ে চিল্লায় লোক পাঠানোর তালিকা তৈরির কাজ। যৌতুকবিহীন গণবিয়ে: গতকাল বাদ আসর ইজতেমার মূল মঞ্চে কনের অভিভাবক ও বরের উপস্থিতিতে যৌতুকবিহীন ৯১টি বিয়ে পড়ানো হয়। ইজতেমা শেষে প্রথামতো বর ও কনের বাবা জামাতবন্দী হয়ে তিন চিল্লায় (১২০ দিন) তাবলিগের কাজে বের হবেন বলে ইজতেমার বিবাহসংক্রান্ত দায়িত্বশীল মুরব্বিরা জানান।চিকিৎসাসেবা: হামদর্দ, জনকল্যাণ ফার্মা, ইবনে সিনাসহ অনেক প্রতিষ্ঠান ইজতেমায় বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে প্রায় চার হাজার রোগীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ইবনে সিনার ক্যাম্প ইনচার্জ মো. ফায়জুল কবির তারেক জানান, গত দুই দিনে তাঁদের ক্যাম্পে প্রায় ছয় হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।দুর্ঘটনায় পুলিশের অস্ত্র তিন খণ্ড: ইজতেমা এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের (ঢাকা-মেট্রো-গ-২৭-৭৫১৭) ধাক্কায় আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর রাইফেলটি ভেঙে তিন খণ্ড হয়ে যায়। ইজতেমা নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, বগুড়া হাইওয়ে পশ্চিম জোনের কনস্টেবল জমশেদ আলী দুপুর দুইটার দিকে ইজতেমা এলাকার মিলগেট বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। তখন গাড়িটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। জমশেদের চায়নিজ রাইফেলটি ছিটকে গাড়ির নিচে পড়ে। এতে রাইফেলের একটি গুলি স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে গাড়ির চাকার ভেতর ঢুকে পড়ে এবং রাইফেলটি ভেঙে যায়। এ সময় পাশে কর্তব্যরত সার্জেন্ট আকরাম গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যান। কনস্টেবল জমশেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি চালাচ্ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্র আশরাফুল আরীফ। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ইয়ামিন।দুজনের মৃত্যু: গতকাল শনিবার ইজতেমা ময়দানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মালিরঅংক গ্রামের তোবারক হোসেন (৬৮) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মনোহারা গ্রামের আবদুস সামাদ (৭০) হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।