আখেরি মোনাজাতে আল্লাহর অনুগ্রহ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্বমানবতার শান্তি ও কল্যাণে আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।মোনাজাতে লাখো মুসল্লি শরিক হন। গত শুক্রবার তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হয় ১৩ থেকে ১৫ জানুয়ারি। ব্যবস্থাপনার সুবিধার্থে তাবলিগ জামাত কর্তৃপক্ষ গত বছর থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেয়।গতকাল বেলা একটা চার মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। ভারতের দিল্লির তাবলিগ জামাতের মজলিসে শুরার সদস্য মাওলানা জোবায়েরুল হাসান উর্দু ভাষায় প্রায় ১৮ মিনিটের মোনাজাত পরিচালনা করেন। অশ্রুভেজা কণ্ঠে তিনি আল্লাহর প্রতি দোয়া কবুলের জন্য প্রার্থনা করেন। মুসল্লিরা ‘আমিন আমিন’ বলে তাঁর সঙ্গে মোনাজাতে শরিক হন।আখেরি মোনাজাতের জন্য গত শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগরা বাইপাস, নিকুঞ্জ-১ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠ অভিমুখে মানুষের ঢল নামে। সকাল আটটার মধ্যে ইজতেমার মাঠ ভরে যায়। এরপর আগত মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কামারপাড়া সড়ক, উত্তরা-আশুলিয়া সড়কসহ আশপাশের ভবনের ছাদ, কলকারখানায় অবস্থান নিয়ে বয়ান শোনেন। পরে অংশ নেন মোনাজাতে।গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার সুলতান মিয়া (৪৫) প্রায় ১২ কিলোমিটার পথ হেঁটে টঙ্গীতে এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মোনাজাতে শরিক হলে সওয়াব হবে, এই আশায় কষ্ট করে এসেছি।’আখেরি মোনাজাতের জন্য গতকাল ওই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি।মোনাজাতের আগে বয়ান: গতকাল ফজরের নামাজের পর থেকে মোনাজাতের আগপর্যন্ত ভারতের মাওলানা সা’দ হেদায়েতি আলোচনা (বয়ান) করেন। তা বাংলায় অনুবাদ করে শোনানো হয়। তিনি নামাজ, বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে সবার প্রতি আহ্বান জানান। তিনি মুসল্লিদের প্রতি আল্লাহর রাস্তায় তথা ইসলামের দাওয়াতে নামারও আহ্বান জানান।গাজীপুরের বিভিন্ন ওয়্যারলেস সেটে, মুঠোফোনে মোনাজাত প্রচার করা হয়। কয়েকটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করায় অনেকে বাসায় বসেও মোনাজাতে অংশ নিয়েছেন।আখেরি মোনাজাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।১৪ মুসল্লির মৃত্যু: গতকাল ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তিনি হলেন পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আবদুল সামাদ (৭০)। এ ছাড়া গত দুই দিনে সুনামগঞ্জের আফজাল হোসেন (৭৫) ও নোয়াখালীর নজির আহাম্মেদ (৭০) ইন্তেকাল করেন।ইজতেমার প্রথম পর্বে মারা যান ১১ জন মুসল্লি। এ নিয়ে এবার দুই পর্বে মোট ১৪ জন মুসল্লি মারা যান।মোনাজাত শেষে মানবজট: মোনাজাত শেষ হওয়ার পরপরই ইজতেমা মাঠের চারপাশের সড়কগুলোতে ঘরমুখী মানুষের জট বাঁধে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কামারপাড়া সড়ক, উত্তরা-আশুলিয়া সড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়া সড়কের ধউর এলাকায় রাস্তাজুড়ে বাস-মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় ওই সড়কে তীব্র যানজট হয়। এর ফলে মানুষকে হেঁটে যেতেও দুর্ভোগে পড়তে হয়। যানজট ও জনজটের কারণে বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের যানবাহনগুলো বিকেল পর্যন্ত ইজতেমা মাঠের আশপাশের এলাকায় আটকা থাকে।সাত হাজার বিদেশি মুসল্লি: তাবলিগ জামাত সূত্র জানায়, এবার বিশ্ব ইজতেমার দুই পর্বে প্রায় ২৪ হাজার বিদেশি মুসল্লি অংশ নেন। এর মধ্যে দ্বিতীয় পর্বে অংশ নেন ৬৭টি দেশের প্রায় সাত হাজার মুসল্লি।