আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাত থেকেই মানুষের স্রোত শুরু হয়েছিল টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দানের দিকে। গতকাল সকালে মানুষের সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। উদ্দেশ্য, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়া।বাংলাদেশের মানুষের কাছে ইজতেমার আখেরি মোনাজাতের আবেদন অপরিসীম। গতকাল ভোর থেকেই লাখ লাখ মুসল্লি হেঁটে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন। শনিবার মধ্যরাত থেকেই বনানী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইজতেমা মাঠ পেরিয়ে মানুষের ভিড় আশপাশের সড়ক, অলিগলিতে ছড়িয়ে পড়ে।প্রতিবছর ইজতেমায় আসা লাখো মানুষের কষ্ট বিবেচনা করে এবার থেকে দুই পর্বে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব ২৮ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হবে।গতকাল ধনী-গরিবের স্রোত এক হয়ে মিশেছে ইজতেমা মাঠে। মোনাজাতে অংশ নিতে এসেছেন নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক-কিশোর-শিশু। সবার লক্ষ্যই এক—গুনাহ থেকে মুক্তি, স্বজনদের জন্য শান্তি, সর্বোপরি সারা বিশ্বের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা। সকাল নয়টার মধ্যে ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর আগত মুসল্লিরা মাঠের বাইরে ময়মনসিংহ মহাসড়ক, আশপাশের ভবনের ছাদ, কলকারখানার ভেতরে অবস্থান নিয়ে বয়ান শোনেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, মন্ত্রী, মুসলিম দেশগুলোর কূটনীতিক ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও মোনাজাতে অংশ নেন। রাষ্ট্রপতি ইজতেমা মাঠে মোনাজাত মঞ্চের পাশে, প্রধানমন্ত্রী আবদুল্লাহপুরে পলওয়েল কনভেনশন সেন্টারের ছাদে ও বিরোধীদলীয় নেত্রী মাঠের পাশে এটলাস বাংলাদেশ লিমিটেডের ভেতরে বসে মোনাজাতে অংশ নেন।খিলক্ষেত থেকে আসা পোশাকশ্রমিক আবদুস সালাম বলেন, ‘এইবার দুইবারে ইজতেমা অইলে কী, লোক কিন্তু কম আইতাছে না।’ নিজের আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সোয়াবের জন্য আসি। এক বছরে পাপ করি। আল্লাহ যদি মাপ করে।’দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মোনাজাত শুরু করেন তাবলিগ জামাতের মজলিসে শুরার সদস্য মাওলানা যুবায়েরুল হাসান। আখেরি মোনাজাতের জন্য টঙ্গীর সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কল-কারখানায় ছুটি ঘোষণা করা হয়।২০ মিনিটের মোনাজাত: প্রায় ২০ মিনিটের মোনাজাতের সময় ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় একধরনের নীরবতা নেমে আসে। শুধু শোনা যায় সৃষ্টিকর্তার কাছে নিজের ভুল-ত্রুটি-পাপ মোচনের আকুতি। মাওলানা যোবায়ের মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্বের সব মানুষের জন্যই দোয়া চান। মুসল্লিরা ‘আমিন’ ‘আমিন’ ধ্বনি তুলে সমর্থন জানান।আল্লাহর উদ্দেশে মাওলানা যোবায়ের বলেন, ‘আমাদের পিতা-মাতা ও সারা বিশ্ববাসীর হেদায়েত দিন। যাঁরা জীবিত আছেন, তাঁদের মাফ করে দিন। যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদেরও ক্ষমা করে দিন। আপনার উত্তম বান্দা হিসেবে আমাদের কবুল করে নিন। দুনিয়ার যাবতীয় খারাপ থেকে বাঁচান। চরিত্র ভালো করে দিন। ব্যবহার সুন্দর করে দিন, আপনার আদর্শমতো চলার তৌফিক দিন।’এর আগে ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা জমির উদ্দিন। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। টেলিভিশন-মুঠোফোনে মোনাজাত: ইজতেমা মাঠে না এসেও মোনাজাতের সময় হাত তুলেছেন অসংখ্য মানুষ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মাঠ, নলজানি ওয়্যারলেস মাঠ, ভূরুলিয়া ওয়াপদা মাঠসহ অনেক জায়গায় মুঠোফোন ও ওয়্যারলেস সেটের মাধ্যমে ইজতেমা মাঠ থেকে মোনাজাত প্রচার করা হয়। এসব স্থানে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল। আবার টেলিভিশন চ্যানেলগুলোতে মোনাজাত সরাসরি সম্প্রচার করার কারণে অনেকে বাসায় বসে মোনাজাতে অংশ নিয়েছেন।পুণ্য লাভে জাগতিক কষ্ট ভুলেছেন তাঁরা: ইব্রাহিমপুরের বাসিন্দা ৭০ বছর বয়সী আবদুল বারী ফজরের নামাজ আদায় করেই ইজতেমা মাঠের দিকে রওনা দিয়েছিলেন। মিরপুর ১৪ নম্বর থেকে হেঁটে হেঁটে টঙ্গী ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন তিনি। সেখানেই রাস্তার পাশে বসে মোনাজাত করেন আবদুল বারী। প্রথম আলোকে তিনি বলেন, ‘আল্লায় আনাইছে। মা-বাপ সবাই তো মারা গেছে। তাগো জন্য দোয়া-দুরূদ করতে আসি। আল্লায় সবার জান ভালা রাহুক, এই দোয়া করি।’বাড্ডার নতুনবাজার থেকে আসা ওমেনা খাতুন বলেন, ‘এইখানে আসলে সওয়াব অইব।...গরিব মানুষ, কাম কইরা খাই। আল্লাহর কাম করতে পারি না। এখন আল্লাহর পথে আসলাম।’কাওলা থেকে মোনাজাতে অংশ নিতে এসেছিলেন গোলাপী বেগম। বললেন, ‘১০-১২ বছর ধইরা প্রতিবছর আসি। একটু সোয়াব কামাই করার জন্য আসি।’ ‘যাগো টাকা আছে, তারা হজ করতে যায়। আমাদের টাকা নাই, আমরা এইখানে আসি।’ বলেন মোসাম্মৎ জোলেখা।ফায়েদাবাদ থেকে আসা ওসমান গনি বলেন, ‘এইহানে হজের মতো অনেক লোক হয়। এইডা গরিবের হজ কইতে পারেন। আমরা কি মক্কা-মদিনায় যাইতে পারুম? দেশ-বিদেশ থাইক্যা লোক আইতাছে। আমরা যদি কাছে থাইক্যাও না আইতে পারি, তাইলে কেমনে হয়?’ফেরার পথে অবর্ণনীয় কষ্ট: আখেরি মোনাজাতের পর জোহরের নামাজ আদায় করে মোহাম্মদপুরের স্বজনের বাসার উদ্দেশে রওনা দেন সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা আশেক আহমেদ। বিকেল পৌনে পাঁচটার দিকেও তিনি বিমানবন্দর মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। যে অল্প দু-একটা বাস এসেছে, তাতে ঠেলাঠেলির কারণে উঠতে পারেননি তিনি। আখেরি মোনাজাতের পর হাজার হাজার মানুষ কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দেন গন্তব্যের পথে। আর যাঁরা ভাগ্যবান, তাঁরা পেয়েছেন বাস, ট্রাক, মালবাহী পিকআপ ভ্যান, রিকশাভ্যান। তবে এ জন্য তাঁদের গুনতে হয় অনেক টাকা।মালবাহী পিকআপে করে কাওলা থেকে কারওয়ান বাজারে এসেছেন নিজাম উদ্দিন। এ জন্য তাঁকে দিতে হয়েছে ৫০ টাকা। বিমানবন্দর মোড় থেকে মহাখালীগামী একটি বাস এইটুকু পথের জন্য ভাড়া নিয়েছে ২০ টাকা করে। ভাড়া বেশি হলেও তাতে যাত্রীর কমতি ছিল না। আসলে ভাড়া নিয়ে দর-কষাকষির সুযোগই ছিল না কারও। যেখানে যানবাহনই নেই, সেখানে আবার দর-কষাকষি কী?এর মধ্যে আয়ের পথ খুঁজে নিয়েছেন অনেকে: ইজতেমার সময় এলাকায় অনেক মৌসুমি ব্যবসায়ী নানা পণ্যের পসরা নিয়ে হাজির হন। আখেরি মোনাজাতের দিনও অনেকেই এলাকায় নানা পণ্য বিক্রি করতে এসেছিলেন। খিচুড়ি, পিঠা, ডিম, ছোলা, গাজর, চানাচুর, আচার, আইসক্রিম, শরবতের দোকান বসেছিল এখানে-সেখানে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যানটিন চালান বাচ্চু মিয়া। বড় এক ডেকচিতে করে ২৫ কেজি চালের খিচুড়ি আর ১০টি মুরগি রান্না করে এনেছিলেন তিনি। দুপুর ১২টার আগেই সব শেষ। এক হাজার শিঙাড়া-সমুচার মধ্যে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে এই সময়ের মধ্যে। টঙ্গী ব্রিজের কাছে পাউরুটি আর পানি বিক্রি করছিলেন জোবায়ের রহমান। বললেন, ‘ব্যবসা ভালোই। পেছতে আমাগো দোকান আছে। ইজতেমার কারণে রাস্তার সামনে আইছি।’ পুরোনো সংবাদপত্র বিছিয়ে লোকে বসবে—এই ধারণা থেকে এক টাকা বা দুই টাকা করে সংবাদপত্রের একেকটি পাতা বিক্রি করেছেন অনেকে। একজন বিক্রেতা রাকিব বললেন, ‘আখেরি মোনাজাতের দিন প্রতিবছর ব্যবসাটা ভালোই হয়।’চার মুসল্লির মৃত্যু: আবু বকর বিন মনসুর (৬২) নামের একজন মালয়েশীয় নাগরিকসহ ইজতেমায় আগত আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। আবু বকর গতকাল রোববার সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার রাতে মারা যান সিলেটের গোয়াইনঘাটের মুসা মিয়া (৬৮), চট্টগ্রামের হালিশহর এলাকার মো. ফরিদউদ্দিন (৬০) ও ভোলার লালমোহনের মো. আজিজ (৫৫)। গতকাল ফজরের নামাজের পর এঁদের জানাজা হয়।