আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার রাত থেকেই টঙ্গীর তুরাগ তীরের দিকে ছিল মানুষের স্রোত। চারদিকের সড়ক ধরে অজস্র নারী-পুরুষ, কিশোর, যুবক বা বৃদ্ধ—কেউ যাচ্ছিলেন একা, কেউ বা দল বেঁধে। পরের দিন আজ রোববার সকালে মানুষের এই স্রোত বেড়েছে কয়েক গুণ। মানুষের চাপের কারণে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।একসময় তুরাগ তীরের ১৬০ একরের ইজতেমা ময়দান ছাপিয়ে মানুষের জমায়েত আশপাশের কয়েক কিলোমিটার সড়ক ছাড়িয়ে যায়। দুপুর সোয়া ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। বিশ্ব তাবলিগ জামাতের সর্বোচ্চ পরিষদ আমলি শুরার সদস্য ভারতের মাওলানা জুবায়রুল হাসান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসল্লিদের জানা-অজানা সব গুনাহ থেকে মাফ করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়। অনেক মুসল্লি এ সময় কান্নায় ভেঙে পড়েন। মোনাজাতের সময় ইজতেমা ময়দানের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা প্রায় ২৫ মিনিট ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল।মোনাজাতে যা বলা হলো: মাওলানা জুবায়রুল তাঁর মোনাজাতে মুসলমান ও সারা বিশ্বের শান্তি ও উন্নতির জন্য দোয়া করেন। সবার দুঃখ-কষ্ট দূর করে দিয়ে ইসলামের সঠিকপথে ফিরে আসার হেদায়েত করতে তিনি আল্লাহর কাছে কামনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ, তোমার অজানায় কিছু হচ্ছে না, তুমি সবই জান ও বোঝ, তুমি আমাদের সবার দোয়া কবুল করো।...আমাদের সবার গুনাহ মাফ করে দাও, সবাইকে হেদায়েত করো, সবার অন্তরে প্রেম দাও, তোমার উম্মতকে সঠিক পথে নিয়ে আসো, পুরো মানবজাতির ওপর শান্তি বর্ষিত করো, আমাদের ইমানকে মজবুত করো, আমাদের সব পেরেশানি দূর করে দাও।’ইজতেমা ময়দানে নারীদের বসার ব্যবস্থা না থাকলেও আশপাশের সড়ক, বিভিন্ন বাড়ি-ঘর ও ছাদে অবস্থান নিয়ে বিভিন্ন বয়সের অনেক নারী মোনাজাতে অংশ নেন। মোনাজাত শুরুর ঘোষণা হওয়ামাত্রই রাজপথ, ফুটপাথ, রাস্তার ডিভাইডারের ওপর, বাড়ির ছাদ ও বারান্দা, গাড়ি, খোলা ট্রাক, রাস্তার ধারের দোকান, দোকানের সামনের এক চিলতে খালি জায়গা—সব জায়গায় লোকজন মোনাজাতে শরিক হন। অনেকে মোবাইল ফোনে তাঁদের নিকটজনদের মোনাজাত শোনান। টেলিভিশন চ্যানেলগুলো মোনাজাত সরাসরি সম্প্রচার করে। বাড়িতে থাকা নারী-পুরুষেরা এ সময় মোনাজাত ধরেন।আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মানুষের স্রোত এগিয়ে চলে ইজতেমা ময়দানের দিকে। সকাল ১০টার মধ্যেই মুসল্লিদের ভিড় ইজতেমা ময়দান ছাপিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।দুপুর ১২টা ৪১ মিনিটে মোনাজাত শেষ হওয়ার পর লাখ লাখ মানুষের এই মিলনমেলা ভাঙে। একে একে তাঁরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকেন।বাংলাদেশের মুসলমানদের কাছে বিশ্ব ইজতেমার আবেদন অনন্য। অনেকের বিশ্বাস, একসঙ্গে সবাই মিলে দোয়া করলে আল্লাহ কারও না কারও দোয়া কবুল করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় তাই এবারও লাখ লাখ মানুষ এসে জড়ো হয়েছিলেন ইজতেমা ময়দানে।মোনাজাতের আগে বয়ান: গতকাল সকাল থেকে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে বয়ান করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শুরাসদস্য মাওলানা ওয়াসিফুল ইসলাম ও মাওলানা আলেমি শুরার সদস্য ভারতের সাদ আহমদ, বাংলাদেশের তাবলিগ জামাতের শুরাসদস্য মাওলানা জোবায়ের বয়ান তরজমা করেন। মাওলানা ওয়াসিফ মানুষের দৈনন্দিন জীবনে ধর্মের গুরুত্ব নিয়ে বিস্তারিত দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। আর মাওলানা সাদ তাবলিগের ওসুল ও নিয়ম নিয়ে বয়ান দেন।কিশোরগঞ্জ থেকে আসা নাজমুল আরেফিন জানান, এবারের ইজতেমায় মুরুব্বিরা ‘পায়ে দল’ সফর (হেঁটে হেঁটে ইসলামের বাণী প্রচার) করে ইসলামের বাণী প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রতিবছরের মতো এবারও চার হাজারেরও বেশি জামাত গঠন করা হয়েছে। এরা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ইসলামের বাণী প্রচার করবে, দেশের বাইরেও যাবে কোনো কোনো দল।ভিআইপিরাও শামিল মোনাজাতে: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ইসলামী রাষ্ট্রের কুটনীতিকেরা আখেরি মোনাজাতে অংশ নেন।ইজতেমার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত র্যাব-পুলিশের সদস্যরাও মোনাজাতে অংশ নেন।সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন রাজধানী থেকে ইজতেমায় আসা মুসল্লিদের জন্য সরবরাহ করে বিশুদ্ধ খাবার পানি।ফেরার ভোগান্তি: মুসল্লিদের আসল ভোগান্তি শুরু হয় ফেরার পথে। শহরমুখী মানুষের ঢলে রাজপথে সৃষ্টি হয় বিশাল ‘জনজটের’। বাস, ট্রেস, নৌকা, রিকশা, ভ্যানগাড়ি—যে যেটাতে উঠতে পেরেছেন, সেটাতেই চড়েছেন। তবে এত মানুষকে ধারণ করবে—এমন যানবাহন কই? তাই বেশির ভাগ মানুষকেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে হয়েছে পায়ে হেঁটে। অনেক বৃদ্ধ মানুষকেও দীর্ঘপথ হাঁটতে দেখা গেছে।তবে বিদেশ থেকে আসা কয়েক হাজার মুসল্লি আরও দুই-তিন দিন তাঁরা আন্তর্জাতিক ছাউনিতে থাকবেন বলে ইজতেমার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন।ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল বেশ কয়েকটি বিশেষ ট্রেন টঙ্গীর উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেন ঢাকায় ফেরা বা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে বিরতি দেয়। এসব ট্রেনের প্রতিটি কামরা উপচে ছাদেও বসে পড়েন মুসল্লিরা। ফেরার পথেও দেখা গেছে একই অবস্থা। টঙ্গী স্টেশন থেকে যে গন্তব্যেই ট্রেন ছেড়ে যাক না কেন, যাত্রীবোঝাই এসব ট্রেনে তিল ধরানোর ঠাঁই ছিল না।ইজতেমা উপলক্ষে গতকাল সকাল থেকেই গাজীপুরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গাজীপুরের সব সরকারি-বেসরকারি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ছুটি ঘোষণা করা হয়।কষ্ট উপেক্ষা করেই এসেছেন মানুষ: আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশে আসা লাখো মানুষের কাছে এসব জাগতিক কষ্ট যেন কিছুই নয়। সিলেটের গোয়াইনঘাট থেকে এসেছেন ৯০ বছরের বৃদ্ধ মো. রমিজ উদ্দিন। ভালোভাবে চোখেও দেখেন না। এর আগে ৩৬ বার এসেছিলেন তিনি। জীবনের শেষ সময়ে এসে আরেকবার আসার সুযোগটা হাতছাড়া করতে চাননি তিনি। প্রথম আলোকে বলেছেন, ‘আর বাঁচি না বাঁচি, শেষমেশ দেখতাম আইছি।’শুধু আসা বলে কথা? খানিক দেরি হয়ে যাওয়ায় ইজতেমা মাঠে জায়গা পাননি রমিজ ও তাঁর সঙ্গে আসা ১০ জন। তাঁদের বেশির ভাগই বয়সে প্রবীণ। তীব্র শীতে সড়কের পাশে এখানে ওখানে তিনটি রাত কাটিয়েছেন তাঁরা। এর পরও এ নিয়ে কোনো দুঃখ নেই কারও। রমিজ উদ্দিন বললেন, ‘আল্লাহর লাইগা আইছ। মোনাজাতে কইমু সারা জাহানের মানুষরে আল্লায় ভালো রাখুক। আর আমারে শান্তিতে নিক।’নারায়ণগঞ্জ থেকে সন্তানাদি নিয়ে এসেছেন জাহানারা বেগম। অনেকখানে হেঁটে শেষ পর্যন্ত টঙ্গী ব্রিজ পর্যন্ত গিয়ে ফুটপাথে বসার জায়গা পেয়েছেন তিনি। বললেন, ‘কষ্ট যদি লাগত, তাহলে আসতাম না।’নারায়ণগঞ্জের নিজাম উদ্দিন বললেন, ‘আল্লায় আনছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েতে আইছি, এইটাই শান্তি। আল্লাহর নৈকট্য লাভের আশায় আসা।’শুধু কি গতকাল? ইজতেমায় আসা লাখো মানুষেরা তিন দিন ধরে খাবার, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের অভাবে অবর্ণনীয় দুর্দশা ভোগ করেছেন। তবে শুধু এবারই নয়, প্রতিবছরই এসব দুর্দশা মেনে নিয়েই তাঁরা আসেন।