আখেরুজ্জামানের জ্ঞান ফেরেনি, দুই শিবিরকর্মী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান ওরফে তাকিমের আজ শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাঁর চেতনা এখনো ফেরেনি বলে জানিয়েছেন আখেরুজ্জামানের ভাই ওয়ালিউল ইসলাম।এদিকে আখেরুজ্জামানের ওপর হামলার মামলায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরের বিনোদপুর এলাকা থেকে বাবু ও দেলোয়ার নামে শিবিরের দুই কর্মীকে আটক করে মতিহার থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, এ মামলায় গতকাল বৃহস্পতিবার আটক জামায়াত নেতাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বিকেলে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক বলেন, আটক দুই শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদ করার পরে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।ওয়ালিউল ইসলাম জানান, আজ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন ছাত্রলীগের নেতা আখেরুজ্জামানের অস্ত্রোপচার করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে চেতনা ফিরে না আসা পর্যন্ত তিনি শঙ্কামুক্ত কি না, তা বলা যাবে না।গত বুধবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে আখেরুজ্জামান তাকিমকে কুপিয়ে জখম করে তাঁর বাঁ পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ছাত্রলীগ দাবি করেছে, শিবির এই হামলা চালিয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নগরের মতিহার থানায় একটি মামলা হয়েছে।