আখেরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্রলীগের নেতা আখেরুজ্জামান তাকিমসহ বিভিন্ন মেয়াদে ছাত্রলীগের বহিষ্কৃত আটজন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, সহসভাপতি আখেরুজ্জামান তাকিম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, বঙ্গবন্ধু হলের আহ্বায়ক শাহ মো. সেলিম, ছাত্রলীগের কর্মী তারিকুল ইসলাম, আলামিন, মাদার বক্স হলের আহ্বায়ক রুহুল আমিন বাবু, বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়াল কবির জয় এবং সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু। গত ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন গুলিবিদ্ধ ও কমপক্ষে ২৫ জন আহত হন। ওই ঘটনায় অস্ত্র হাতে দেখা গিয়েছিল ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আখেরুজ্জামান তাকিমকে।