আগরতলায় গেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে আজ বুধবার বিকেলে প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে গেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ভারতীয় সময় বিকেল তিনটা ১০ মিনিটে সিঙ্গেরবিল বিমানবন্দরে অবতরণ করে।ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে শহরতলির কুঞ্জবন অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।আগরতলায় অবস্থানকালে প্রধানমন্ত্রী কাল ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে।১৯৮৭ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শেখ হাসিনা প্রথম বিদেশি নেতা, যাঁকে এই সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার রাষ্ট্রপরিচালনা, নেতৃত্বের দূরদৃষ্টি এবং শান্তি ও গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হচ্ছে। ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি প্রধানমন্ত্রীর হাতে এই ডিগ্রি তুলে দেবেন।প্রধানমন্ত্রী আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বাণিজ্য বৃদ্ধির কৌশল চূড়ান্ত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ত্রিপুরা সফর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার বিশেষ অবদান রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে সে সময় ১৬ লাখ উদ্বাস্তুকে আশ্রয় এবং সাহায্য-সহযোগিতা দেওয়া হয়েছিল।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদার বিশেষ করে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ-ত্রিপুরা ব্যবসায়ী নেতাদের এক যৌথ সভায় যোগ দেবেন। এ ছাড়া ত্রিপুরা রাজ্য সরকারের দেওয়া এক নাগরিক সংবর্ধনাতেও তাঁর যোগ দেওয়ার কথা।শেখ হাসিনা ত্রিপুরা এয়ার থিয়েটার উদ্বোধন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি উন্মোচন করবেন। এ ছাড়া তিনি ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে সাক্ষাত্ করবেন। বাসস।