আগরবাতির সাতসতেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইন রেললাইনের পাশে কাজ করছেন এক নারী। রোদে দেওয়া কালো রঙের গুঁড়া এক হাতে উল্টেপাল্টে দিচ্ছেন। হাতে, মুখে, পোশাকে লেগে আছে কালি। এগুলো কী? এমন প্রশ্নে জয়নাব বেগম নামের ওই নারী জানালেন, এগুলো কয়লার গুঁড়া। আগরবাতি বানাতে কাজে লাগান তাঁরা। কয়লা, কাঠ আর আগরগাছের (বিজলাগাছ) বাকলের গুঁড়া রোদে শুকিয়ে তাঁরা একসঙ্গে মেশান। তারপর বস্তায় ভরে গুঁড়ার মিশ্রণ মহাজনের কাছে দিয়ে আসেন।বাজারে যে আগরবাতি পাওয়া যায় তা কিন্তু ঢাকার বাইরে থেকে আসে না। খোদ নগরেই এগুলো তৈরি হয়। তবে একটা নির্দিষ্ট কারখানায় নয়, আগরবাতির কাজ হয় ধাপে ধাপে বিভিন্ন হাতে, বিভিন্ন স্থানে।উপকরণের গুঁড়া রোদে শুকানো ও মেশানোর কাজের জন্য জয়নাব বেগম প্রতিদিন ৬০ টাকা মজুরি পান। এ ছাড়া সকালের নাশতার জন্য ১০ টাকা, দুপুরের খাবারের জন্য ২০ টাকা পান। তিনি জানান, মহাজনই এগুলো গুঁড়া করে তাঁদের কাছে দিয়ে যান।দয়াগঞ্জের একটি কারখানায় কথা হয় শনির আখড়ার আগরবাতি ব্যবসায়ী মাহবুব আলমের সঙ্গে। তিনি বলেন, জুরাইন, দয়াগঞ্জ, শনির আখড়া, সানারপাড় পর্যন্ত বিশাল এলাকাজুড়ে শত শত মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, আগরবাতি তৈরির উপাদান হচ্ছে কাঠ, কয়লা ও আগরগাছের বাকলের গুঁড়া; বাঁশের কাঠি, রং, তরল সুগন্ধি ও পানি। তিনি জানান, মেশিনে কয়লা গুঁড়া করতে ঝামেলায় পড়তে হয়। কাঠ পোড়ানো কয়লার সঙ্গে অনেক সময় পেরেক থাকে। পেরেকের কারণে মেশিনের ক্ষতি হয়। তাই কয়লা রোদে শুকিয়ে চুম্বক দিয়ে পেরেক ও লোহাজাতীয় জিনিস কয়লা থেকে আলাদা করতে হয়।কাঠ, কয়লা ও আগরগাছের বাকল আসে কোত্থেকে—জানতে চাইলে মাহবুব আলম জানান, আগরগাছের বাকল বরিশাল থেকে সংগ্রহ করা হয়; কয়লা সংগ্রহ করা হয় ঢাকার খাবার হোটেলগুলো থেকে। এ ছাড়া ঢাকার বাইরে থেকেও কয়লা আসে। কাঠের গুঁড়া নগরের বিভিন্ন করাতকল থেকে সংগ্রহ করা হয়।দয়াগঞ্জ ও সানারপাড়ে কয়লা, কাঠ ও আগরগাছের বাকল গুঁড়া করার কারখানা আছে। দয়াগঞ্জের কারখানা-মালিক সামাদ হোসেন জানালেন, কয়লা ও কাঠের গুঁড়া মিহি করতে বস্তাপ্রতি তাঁরা ১০০ টাকা নেন; আগরগাছের বাকল মিহি করতে নেন ২০০ টাকা।কয়লা, কাঠ ও আগরগাছের বাকল মেশিনে গুঁড়া করার পর এগুলো চালুনি দিয়ে চালা হয়। গেন্ডারিয়ার রেললাইনের পাশে খুপরিঘরে বসে সেই কাজ করছিলেন মোহিবুল গাজী। তিনি জানান, এক দিনে চার-পাঁচ বস্তার কাজ করা যায়। এক বস্তার জন্য ২০ টাকা পান। চালার পরবর্তী কাজগুলো কী—জানতে চাইলে তিনি বলেন, ‘পাউডারগুলোকে পানি দিয়া গোলাইয়া আটার দলার মতো করা অয়। ওইগুলিরে লাছা কয়। মালিক লাছা বানাইয়া বিভিন্ন বাসায় দিয়া আইব।’জুরাইন রেলস্টেশনের কাছেই বস্তিঘরে থাকেন হাফেজা বেগম। তিনি লাছা থেকে আগরবাতি বানানোর কাজ করেন। তাঁর ছেলেবউ মায়া আক্তারও এই কাজ করেন। দুজনে পিঁড়িতে বসেন। তাঁদের সামনেও একটি করে পিঁড়ি থাকে। সেই পিঁড়িতে ডান হাতে পরিমাণমতো লাছা নিয়ে এবং বাঁ হাতে একটা বাঁশের কাঠি নিয়ে, ডান হাতের তালু দিয়ে চাপ দিয়ে কাঠির সঙ্গে লাছাটুকু লাগিয়ে দেন। কাঠিতে লাছা লাগালেই আগরবাতি আকার পেয়ে যায়। এরপর এগুলো রোদে শুকিয়ে শক্ত করা হয়।হাফেজা বেগমের ঘরের ঠিক সামনেই রেললাইনের ওপর রোদে দেওয়া হয়েছে অনেক আগরবাতি। হাফেজা বেগম জানান, এগুলো দুই ঘণ্টা রোদে শুকাতে হয়। এরপর মহাজন এসে নিয়ে যান। জুরাইন রেললাইন বস্তিতে অনেকেই আগরবাতির কাঠিতে লাছা লাগানোর কাজ করেন। এ রকম শুকনো এক কেজি আগরবাতির জন্য তাঁরা তিন টাকা পান। দৈনিক ২০ কেজির মতো তৈরি করা যায় বলে হাফেজা বেগম জানান। তাঁদের কাছ থেকে নিয়ে এগুলো প্যাকেট করা হয়। তার আগে মেশানো হয় তরল সুগন্ধি।যাত্রাবাড়ীর আগরবাতি ব্যবসায়ী মামুন বকাউল। তিনি জানান, এক বস্তা আগরবাতির কাঠি তিন হাজার ৫০০ টাকা দিয়ে কিনে আনেন। এক বস্তায় থাকে ৪৮ কেজি। তাঁরা প্রথমে কাঠিতে সুগন্ধি মাখান। এরপর ১২টা করে কাঠি সেলোফিন কাগজের প্যাকেটে ভরা হয়। এই প্যাকেট কাগজের প্যাকেটের ভেতরে ঢোকানো হয়। কাগজের প্যাকেটের নামগুলো বাহারি। যেমন, সদাবাহার, মদিনা, ফোর স্কয়ার, রজনীগন্ধা, মিম, বেলি, দরশন, মোহিনী দরবার, গুরুদেব। এসব আগরবাতি চলে যায় নগরের বিভিন্ন পাইকারি বাজারে। নগরে আগরবাতির প্রধান পাইকারি বাজার চকবাজার। এখান থেকে খুচরা বাজারে চলে যায় আগরবাতি। ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও যায় ঢাকায় তৈরি আগরবাতি।