আগস্ট মাসে ১২৩ অভিযোগ অনুসন্ধান দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ৬৪৫টি দুর্নীতির অভিযোগের বিপরীতে ১২৩টি অভিযোগের অনুসন্ধান করেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ৩৮টি দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন বাছাই করে ১৪টি প্রতিবেদনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফররুখ আহমেদ।এ ছাড়া আগস্ট মাসেই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন, অর্থ আত্মসাত্, মানি লন্ডারিং ও জাল-জালিয়াতির অভিযোগে ৪৯টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান।মহাপরিচালক বলেন, দুর্নীতির অভিযোগে আগস্ট মাসে সরকারি, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিকসহ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঁদের মধ্যে ছয়জন রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তাঁর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম, তাঁর স্ত্রী মাফরুজা সুলতানা, কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র সাইফুল হক খান চৌধুরী এবং একই পৌরসভার আবদুল মান্নান।এদিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত ট্রুথ কমিশনে অনুকম্পা প্রার্থী ৪৪৮জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কার্যক্রম শুরু করেছে দুদক। এ ব্যাপারে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে ট্রুথ কমিশন অবৈধ হয়ে যাওয়ার পর এর অনুকম্পা প্রার্থী আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।এ ছাড়া শেয়ারবাজারের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।