আগস্টের শেষে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা
বৃষ্টিহীন জুলাই শেষে আগস্টে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলোর উজানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় স্বাভাবিক বৃষ্টিপাতের কথা উল্লেখ করে আবহাওয়াবিদেরা দেশের মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা করছেন। তবে বড় কোনো বন্যার আশঙ্কা করছেন না তাঁরা। বর্তমানে কিছুটা দুর্বল অবস্থায় থাকা মৌসুমি বায়ুটি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সক্রিয় হতে পারে—এ পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, আগস্টের শেষ সপ্তাহে বৃষ্টিপাত বেড়ে রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় এবং সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বন্যা হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাদেকুল আলম প্রথম আলোকে জানান, মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বন্যা হতে পারে। তবে বন্যা কতটা তীব্র ও কত দিন স্থায়ী হবে, তা নির্ভর করবে ওই সময়ে কী পরিমাণ বৃষ্টি হয়, তার ওপর।চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্তমান মৌসুমি অক্ষটি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং আসামের উত্তর-পূর্বাংশ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুপ্রবাহ বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় রয়েছে। চলতি সপ্তাহে সিলেট, রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এবং আসাম ও মেঘালয়সহ দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কোনো লঘুচাপ বা নিম্নচাপ দেশের উপকূল অতিক্রম না করায় এবং মৌসুমি বায়ুপ্রবাহ কম হওয়ায় বৃষ্টি কম হয়েছে। গত ২৭ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয় এবং গত ২৯ জুলাই তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ৩০ জুলাই তা দুর্বল হয়ে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করে। গত বছরের ৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় ছিল। ফলে তেমন একটা বৃষ্টি হয়নি। আগস্ট মাসে রেকর্ড পরিমাণ ২৩ দিন বৃষ্টি হয়। ওই মাসে টেকনাফে একদিনেই এক হাজার ৫৮৫ মিলিমিটার বৃষ্টি হয়।