আগাছা পরিষ্কারের নামে...
আগাছা পরিষ্কারের নামে বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রের ২০টি খয়ের, শিশু ও আমগাছ কেটে গোপনে বিক্রি করা হয়েছে। নাটোর শহরের ফুলবাগান মহল্লায় ২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। উপকেন্দ্রের কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে উপকেন্দ্র চত্বরের আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এ কাজের অংশ হিসেবে ১৫ জন শ্রমিক কার্যালয়ের উত্তর-পূর্ব অংশ থেকে শিশু, খয়ের ও ফলবান আমগাছ কাটতে শুরু করে। ২৫ ফেব্রুয়ারি বিকেল তিনটায় সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা কাটা গাছগুলো ভ্যান ও পাওয়ার ট্রলিতে উঠিয়ে সংরক্ষিত এলাকার বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিছু শ্রমিক গাছ কেটে নেওয়ার স্থানগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। এ সময় গাছের ক্রেতা (ব্যাপারি) শুকুর আলী বলেন, ‘অফিসের (টেলিভিশনের) লোকজন গাছগুলো আমার কাছে বিক্রি করিছে। আমি টাকাও দিয়ে দিছি।’ কত টাকায় বিক্রি হয়েছে, জানতে চাইলে তিনি উত্তর দেননি। স্থানীয় লোকজন জানান, কাটা গাছগুলোর মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। উপকেন্দ্রের পূর্ব ও দক্ষিণ অংশের কয়েকটি ফলবান আমগাছের মুকুল ধরা মোটা মোটা কয়েকটি ডাল কাটা হয়েছে। এসব ডাল থেকে এবার আম পাওয়া যেত। কয়েক দিন আগে এ অংশ থেকে কিছু ইউকেলেকটাস গাছও কাটা হয়েছে বলে উপকেন্দ্রের আশপাশের লোকজন জানান। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সংরক্ষিত এলাকা থেকে কিভাবে বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে উপকেন্দ্রের টেলিভিশন প্রকৌশলী মীর মঈন উদ্দিন মো. জামিল আখতার বলেন, গাছ কেটে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু বলতে পারব না। কার্যালয় থেকে মাত্র ৩০ হাত দূরে কাটা গাছগুলো দেখানো হলে তিনি বলেন, আমি নিরাপত্তার স্বার্থে অফিসের চারপাশের আগাছা পরিষ্কার করতে বলেছি। কেউ যদি আগাছার পরিবর্তে অন্য কিছু কাটে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া গাছগুলো বাইরে নিয়ে যেতে হলে অবশ্যই মূল্য পরিশোধ করে অফিসে জমা দিতে হবে। গাছ বিক্রির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা দৈনন্দিন কাজ হওয়ায় অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। দরপত্র দিয়েও বিক্রি করা হয়নি।প্রসঙ্গত, গাছপালাঘেরা সুদৃশ্য নাটোর উপকেন্দ্র থেকে ৬০ কিলোমিটার এলাকায় বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার হয়ে আসছে। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু এই উপকেন্দ্র থেকে সরাসরি অনুষ্ঠান প্রচারের উদ্বোধন করেন। পরবর্তী সময়ে সরাসরি প্রচার বন্ধ হয়ে যায়।