আগাম জামিন পেলেন খোন্দকার দেলোয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক চারটি মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন।দুই মাসের জন্য তাঁর জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনায় চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়ায় তাঁর বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়।আজ আদালতে হাজির হয়ে বিএনপির মহাসচিব আইনজীবীর মাধ্যমে এই চার মামলায় জামিনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত আগাম জামিন মঞ্জুর করেন। তাঁর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।